মা-বাবার কবর জিয়ারত করতে এসে প্রাণ হারালেন প্রবাসী
চট্টগ্রামের রাউজানে মা-বাবার কবর জিয়ারত করতে গিয়ে মোহাম্মদ মুছা নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া মসজিদের কাছে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, তাকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় কয়েক যুবক। তবে পুলিশ বলছে, পড়ে গিয়ে হার্ট অ্যাটাকে মারা গেছেন ওই প্রবাসী।
জানা যায়, মৃত মোহাম্মদ মুছা হাজীপাড়া গ্রামের প্রয়াত কবির আহমদের ছেলে। তিনি দীর্ঘদিন ওমান প্রবাসী ছিলেন। গত ২০ জানুয়ারি দেশে ফিরে আসেন।
মৃত মুছার ভাই মোহাম্মদ ইউসুফ বলেন, আমার ভাইয়ের সঙ্গে আমি রাউজান হাজীপাড়া জামে মসজিদে জুমার নামাজ শেষ করে পাশে থাকা বাবার কবর জিয়ারত শেষ করি। এ সময় হঠাৎ দুই যুবক এসে আমার ভাইকে ডেকে মসজিদের পাশে টয়লেটের সামনে নিয়ে মারধর শুরু করে। পরে যোগ দেয় আরো কয়েকজন। তাদের নির্যাতনে আমার ভাই মাটিতে লুটিয়ে পড়ে। পরে গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
রাউজান থানার ওসি জাহেদ হোসেন বলেন, মুসল্লিদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, ওই ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে পড়ে গিয়েছিলেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তবে চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ওই ব্যক্তি।
তিনি আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে মৃত্যুর আসল কারণ।