ঢাকা,  শনিবার   ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]
নওগাঁর সাপাহারে প্রক্সিকাণ্ড

৫৯ দাখিল পরীক্ষার্থীই ভুয়া, কেন্দ্র সচিবসহ সবাই আটক

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৬, ২০ ফেব্রুয়ারি ২০২৪
৫৯ দাখিল পরীক্ষার্থীই ভুয়া, কেন্দ্র সচিবসহ সবাই আটক
ছবি: সংগৃহীত

নওগাঁর সাপাহারে সরফতুল্লাহ মাদরাসা কেন্দ্রে ৫৯ জন দাখিল পরীক্ষার্থীর বিরুদ্ধে প্রক্সি দেওয়ার ভয়ঙ্কর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৫৯ জনকে আটক করা হয়েছে। আটক পরীক্ষার্থীদের প্রবেশপত্র জমা নিয়ে ভুয়া পরীক্ষার্থী অংশ নেয়ার অভিযোগ এনে তাদের বহিষ্কার করা হয়।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সাপাহার উপজেলা সদরের সরফতুল্লাহ ফাযিল মাদরাসা কেন্দ্রে অভিযান চালিয়ে দুপুর ১২টা পর্যন্ত ৫৯ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করে প্রশাসন। অভিযানের নেতৃত্ব দেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, সাপাহার সরফতুল্লাহ কেন্দ্রে এ বছর ৪০টি প্রতিষ্ঠানের দাখিল পরীক্ষার্থী ৭৭৭ জন। মঙ্গলবার সেখানকার ২০টি কক্ষে ৭৫৭ জন পরীক্ষার্থী আরবি-২য় পরীক্ষায় অংশগ্রহণ করে। সকালে আকস্মিক ওই কেন্দ্র পরিদর্শনে যান ইউএনও। এরপর অ্যাডমিটের সঙ্গে পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মিল না থাকায় ৫৯ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়। যেখানে ১৫ জন ছাত্র এবং ৪৪ জন ছাত্রী রয়েছে।

সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন বলেন, অ্যাডমিটের সঙ্গে মিল না থাকায় এখন পর্যন্ত ৫৯ জন ভুয়া দাখিল পরীক্ষার্থীকে শনাক্ত করে আটক করা হয়েছে। ওই কেন্দ্রে যেসব মাদরাসার পরীক্ষার্থীদের সিট পড়েছে, সেসব মাদরাসার সুপারকে তলব করা হয়েছে। তারা এসে এসব শিক্ষার্থীদের পুনরায় শনাক্ত করবে।

তিনি আরো বলেন, এই অনিয়মের সঙ্গে কেন্দ্র সচিব, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকরা জড়িত থাকার প্রমাণ পেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!