ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পরীক্ষা চলাকালে প্রশ্নফাঁস, দুই কক্ষ পরিদর্শককে অব্যাহতি

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৭, ২০ ফেব্রুয়ারি ২০২৪
পরীক্ষা চলাকালে প্রশ্নফাঁস, দুই কক্ষ পরিদর্শককে অব্যাহতি
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের ইসলামপুর উচ্চ বিদ্যালয় এসএসসি কেন্দ্রে পরীক্ষা শুরুর ২৫ মিনিটের মধ্য বাইরে প্রশ্নফাঁস হওয়ায় দুই কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত কক্ষ পরিদর্শকরা হলেন- ইসলামপুর সদর ইউনিয়নের পাঁচবাড়িয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কামাল উদ্দিন এবং পচাবহলা জয়তুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোতালেব।

জানা যায়, মঙ্গলবার ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ইংরেজি (আবশ্যিক) প্রথমপত্র পরীক্ষা চলাকালে কেন্দ্রের কক্ষ থেকে জানালা দিয়ে প্রশ্ন পরীক্ষার্থীরা বাইরে দেন। মুহূর্তেই প্রশ্নফাঁসের বিষয়টি মোবাইলে মোবাইলে ভাইরাল হয়ে যায়। এ খবর পেয়ে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিক কেন্দ্রটি পরিদর্শন করে কক্ষ পরিদর্শকদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। ইসলামপুর উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে এবার কেন্দ্রীয় প্রতিষ্ঠানসহ সিরাজাবাদ উচ্চ বিদ্যালয়, সভুকুড়া মন্ডলপাড়া উচ্চ বিদ্যালয়, পচাবহলা জয়তুন্নেছা উচ্চ বিদ্যালয়, পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয় ও বুলবুল বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬১ জন।

Advertisement

এ বিষয়ে কেন্দ্র সচিব মাহাবুর রহমান জানান, ঐ কক্ষে যারা দায়িত্বে ছিলেন তাদের বহিষ্কার করা হয়েছে।

ইসলামপুরের উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে কেন্দ্রটি পরিদর্শন করে কক্ষ পরিদর্শকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এর সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!