তেঁতুলিয়ায় আবারো হাতির আতঙ্ক
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কয়েকটি গ্রামে বন্যহাতির আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে সাধারণ মানুষকে সচেতন ও হাতিকে বিরক্ত করা থেকে বিরত থাকতে প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে সচেতনামূলক প্রচারণা।
বৃহস্পতিবার সকালে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি তেঁতুলিয়া সদর ইউপির তেলিপাড়া ও ভারতের হাফতিয়াগছ ফরেস্টের জিরো সীমানায় উপস্থিত হয়ে ভারতীয় বন দফতরের প্রতিনিধির সঙ্গে জরুরি সাক্ষাত করেন এবং হাতিগুলোকে দ্রুত উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
জানা যায়, এ মুহূর্তে বন্য হাতি দুটি পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত থেকে মাত্র ২শ গজ দূরে ভারতের হাফতিয়াগছ বিএসএফ ক্যাম্প সংলগ্ন একটি বনে অবস্থান করছে। তাই হাতি দুটি যেন পুনরায় বাংলাদেশে প্রবেশ করতে না পারে তার জন্য ভারতীয় বন দফতরের প্রতিনিধির সঙ্গে সাক্ষাত করেন উপজেলা প্রশাসন ও বনবিভাগ। হাতি দুটিকে ট্রাংকুলাইজার ব্যবহার করে উদ্ধারের জন্য অনুরোধ জানান।
.png)
তেঁতুলিয়া উপজেলার প্রশাসনের অনুরোধে প্রেক্ষিতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বন বিভাগের নর্দান সার্কেলের বৈকণ্ঠপুর ডিভিশন ট্রাংকুলাইজার ব্যবহার করে গাড়িতে করে হাতি দুটিকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন মর্মে জানা গেছে।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি জানান, দুদিন পর আবারো তেঁতুলিয়ায় হাতি দুটি বাংলাদেশে প্রবেশের আশঙ্কা থাকায় ভারতের বনদফতরের সঙ্গে যোগাযোগ করে আলোচনা করেছি। হাতি দুটি যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে তার জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। বন্যহাতিকে দেখে কেউ যেন বিরক্ত না করে এবং মানুষকে নিরাপদে থাকতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারণা করা হচ্ছে।