প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল উজ্জ্বলের
মুন্সীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মোহাম্মদ উজ্জ্বল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় হুমায়ূন হোসেন ও তার ভাই মোহাম্মদ সোহেলকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে শহরের মাঠাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল ওই এলাকার শাহজাহান মোল্লার ছেলে এবং মুন্সীগঞ্জ পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে কাজ করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জমি নিয়ে বিরোধের জেরে সোমবার রাত সাড়ে ১০টার দিকে পাশের দক্ষিণ কোটগাঁও এলাকার ডিস ব্যবসায়ী হুমায়ুন হোসেন ও তার ছোট ভাই সোহেলের নেতৃত্বে ১০-১২ জন মিলে উজ্জ্বলের মাঠাপাড়ার বসতবাড়িতে হামলা চালায়। এ সময় হুমায়ুন, সোহেল ও তাদের লোকজন উজ্জ্বলকে মারধর করে আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উজ্জ্বলকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ফেরদৌস হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
মুন্সিগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।