ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জ্বলছে এখনো: যে কারণে নেভেনি চিনিকলের আগুন 

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৭, ৫ মার্চ ২০২৪
জ্বলছে এখনো: যে কারণে নেভেনি চিনিকলের আগুন 
ছবি: ডেইলি বাংলাদেশ

পেরিয়েছে প্রায় ২৪ ঘণ্টা। এখনো জ্বলছে চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলমের সুগার মিলে লাগা আগুন। যদিও ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থার চেষ্টায় রাতেই নিয়ন্ত্রণে আসে ভয়াবহ আগুন। তবে এখনো পর্যন্ত সম্ভব হয়নি পুরোপুরি নির্বাপণ।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা এলাকায় সরেজমিনে দেখা যায়, আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের সাতটি স্টেশনের ১৪টি ইউনিটের ১৫০ জন সদস্য আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু ভেতরে ঢুকতে পারছেন না ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আবদুল মালেক বলেন, অত্যাধুনিক যন্ত্র লুফ-৬০ দিয়ে আমরা যে পানি ছেটাচ্ছি, তা টিনের চালেই ছেটানো যাচ্ছে। কিন্তু ভেতরে পানি দেওয়া যাচ্ছে না। টিনের ফাঁকে যতটুকু পানি প্রবেশ করেছে ততটুকু কালো আকার ধারণ করেছে।

Advertisement

তিনি আরো বলেন, আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য আমরা মালিকপক্ষকে অনুরোধ করেছি যেন টিনের চালটা ভেঙে ফেলা হয়। তাহলে এক পাশ থেকে অপর পাশে পানি দেওয়া সম্ভব হবে। তখনই ভেতরের আগুন নিভে যাবে।

সোমবার (৪ মার্চ) রাত ১১টার দিকে ওই চিনিকলের আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছিল ফায়ার সার্ভিস। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করেছিলেন সেনা, নৌ ও বিমানবাহিনী সদস্যরা। 

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুর রাজ্জাক জানান, ভেতরে ১২০০ থেকে ১৫০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আগুন জ্বলছে। চিনির কাঁচামালগুলো দাহ্য পদার্থ হওয়ায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হবে না।

এস আলম গ্রুপের হেড অব অপারেশন আদিল রহমান বলেন, আগুন নেভাতে সবাই কাজ করছে। এখানে দেড় লাখ টন চিনির কাঁচামাল ছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব হচ্ছে না।

প্রসঙ্গত, সোমবার (মার্চ) বিকেল ৪টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা এলাকায় এস আলম সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে আগুন লাগে।
 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!