একমাত্র ছেলে জলদস্যুদের কবলে, মায়ের আহাজারি
ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়াদের একজন টাঙ্গাইলের নাগরপুরের সহবতপুর গ্রামের সাব্বির। জিম্মির খবরে তার বাড়িতে চলছে স্বজনদের আহাজারি। একমাত্র ছেলের জিম্মির খবর পেয়ে বিলাপ করছেন তার মা।
সাব্বির টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের ডাঙ্গা ধলাপাড়া গ্রামের হারুনুর রশিদের ছেলে। টাঙ্গাইলের কাগমারি এম এম আলী কলেজ থেকে ২০১৬ সালে উচ্চমাধ্যমিক শেষ করে ভর্তি হন চট্টগ্রাম মেরিন একাডেমিতে। সেখান থেকে পাস করে ২০২২ সালের জুন মাসে এমভি আব্দুল্লাহতে মার্চেন্ট কর্মকর্তা হিসেবে চাকরি শুরু করেন।
স্বজনরা বলেন, সাব্বিরের বাবা অসুস্থ হয়ে শয্যাশায়ী। সাব্বিরের পরিবারে একমাত্র উপার্জনক্ষম তিনি। তার কিছু হয়ে গেলে তাদের আর চলার উপায় থাকবে না। সরকারের কাছে দাবি জানাচ্ছি সাব্বিরসহ সবাইকে যেন জিম্মিদশা থেকে দ্রুত মুক্ত করে।
.png)
সাব্বিরের বোন মিতু আক্তার বলেন, আমার ভাই সোমবার (১১ মার্চ) বিকেলে বিষুব রেখা অতিক্রম করার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। এ ছাড়া তার একটি ছবিও দিয়েছেন ফেসবুকে। মঙ্গলবার (১২ মার্চ) সকাল থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। ঐদিন দুপুরে ‘এমভি আব্দুল্লাহ’ জাহাজটি জলদস্যুদের কবলে পড়ার খবর পেয়ে আমরা আতঙ্কে দিন কাটাচ্ছি।
উল্লেখ্য, মঙ্গলবার ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ মোজাম্বিকের মাপুতু বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে জাহাজটিতে ওঠে নিয়ন্ত্রণ নেয় সোমালিয়ার জলদস্যুরা। জাহাজে থাকা ২৩ নাবিকের সবাই বাংলাদেশি।