বৃহস্পতিবার ভোরে উপজেলার ঢাকা-নাটোর মহাসড়কের খালকুলা ও মহিষলুটি বাজারের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম কুমিল্লা জেলার চান্দিনা থানার দিয়ারকান্দি গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
আহতরা হলেন, গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার ট্যাংরা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে বাদল (৩০) ও তার স্ত্রী মোছা. সোমা আক্তার (২৫) এবং কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার পেনুইন গ্রামের মাসুদ রানার ছেলে মো. ইমতিয়াজ (২০)।
.png)
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে খালকুলা ও মহিষলুটি বাজারের মাঝামাঝি এলাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা মালবোঝাই ট্রাক ও সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা বাসাবাড়ির মালামালবোঝাই ছোট পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ও তিন যাত্রী আহত হলে ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে চালক মো. শরিফুল ইসলামের মৃত্যু হয়।
তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) এস এম রেজাউল করিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে আহতদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়। আহত অপর তিনজন বর্তমানে সুস্থ আছেন।
তাড়াশ থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।