বৃহস্পতিবার দুপুরে উপজেলার তেতুলিয়া গ্রামের পূর্বদিকে ডিঙাপোতা হাওর থেকে ওই অজ্ঞাত এই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। বিকেলে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
জানা গেছে, বৃহস্পতিবার হাওরে কাজের জন্য আসা স্থানীয়রা হাওরে রক্তাক্ত একটি লাশ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নির্জন হাওরে অজ্ঞাত ওই যুবককে হত্যার পর তার পরনের শার্ট-প্যান্ট খুলে তাতে আগুন দিয়ে ওই যুবকের মুখমণ্ডল পুড়িয়ে দেয় হত্যাকারীরা।
.png)
তেঁতুলিয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সদস্য জুয়েল মিয়া বলেন, ওই যুবক আমাদের আশপাশের এলাকার নয়। কারণ সকালে ঘটনাস্থলে লাশ দেখতে আশপাশের কয়েকটি গ্রামের ৩-৪ হাজরের বেশি মানুষ এসেছিল। এলাকার হলে মুখ পুড়ানো থাকলেও হাত-পা দেখেও চিনতে পারতো স্বজনরা। আমাদের ধারণা দূরের কোনো এলাকা থেকে পরিকল্পনা করে ওই যুবককে এখানে নির্জন হাওরে রাতে ডেকে এনে হত্যা করেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যার রহস্য উদঘাটন করা হোক।
মোহনগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, অজ্ঞাত ওই যুবককে গলা কেটে হত্যার পর তার পরনের কাপড় খুলে আগুন ধরিয়ে মুখমণ্ডল পুড়িয়ে দেয় হত্যাকারীরা। মূলত পরিচয় লুকানোর জন্যই হত্যাকারীরা এই কাজ করেছে। পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। আঙুলের ছাপের সহায়তায় লাশের পরিচয় শনাক্তের জন্য কাজ করছে পিবিআই। এছাড়াও লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।