বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার পাঠাননগর চাঁদপুর ব্রিজ সংলগ্ন মদিনা ব্রিকফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন ছাগলনাইয়া পশ্চিম দেবপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত আবু তাহেরের ছেলে। তিনি ফেনী পল্লী সঞ্চয় ব্যাংকে কর্মরত ছিলেন। আহতরা হলেন- শাহেদা আক্তার, তার মেয়ে নাফিসা ইসলাম, রাফি এবং অটোচালক মো. হালিম। তারা ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা।
জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে পাঠাননগর চাঁদপুর ব্রিজ সংলগ্ন মদিনা ব্রিকফিল্ডের সামনে ফেনীগামী একটি অটোরিকশা সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশা রাস্তার পাশে খাদে পড়ে যায়৷ এসময় আরো একটি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগে চিকিৎসা শেষে গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও চট্টগ্রামে পাঠানো হয়। এরমধ্যে ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়ার পথে মারা যান আলাউদ্দিন।
.png)
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. রফিকুল ইসলাম বলেন, আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছে। এরমধ্যে গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা-চট্টগ্রাম পাঠানো হয়। অন্যদের মধ্যে একজন চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ছাগলনাইয়া থানার ওসি মো. হাসান ইমাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি মাইক্রোবাস ও দুটি অটোরিকশা পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়াধীন।