ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অধিক লাভের আশা, ক্ষতিকর জেনেও বগুড়ায় তামাক চাষ

আলমগীর হোসেন, বগুড়া
প্রকাশিত: ১৯:৩২, ২০ মার্চ ২০২৪
অধিক লাভের আশা, ক্ষতিকর জেনেও বগুড়ায় তামাক চাষ
ধুনট উপজেলায় যমুনা নদীর চরে এবারই প্রথম তামাক চাষ করছেন কৃষকরা -ছবি: ডেইলি বাংলাদেশ

অধিক লাভের আশায় ক্ষতিকর জেনেও বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর চরে এবারই প্রথম কৃষকরা তামাক চাষাবাদ শুরু করেছেন। যমুনা নদীর চরাঞ্চলের জমিতে ভুট্টা, গম, ডাল, আলু, মরিচসহ নানান জাতের ফসল চাষের পরিবর্তে তামাক চাষ শুরু করছেন তারা।

এখানকার কৃষকদের অগ্রিম টাকা ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে কৃষকদের ক্ষতিকর তামাক চাষে উদ্বুদ্ধ করছে জার্মানি টোব্যাকো কোম্পানি। মৌসুমে যমুনা নদীর চরাঞ্চলে ১২ জন কৃষক প্রায় ২০ বিঘা জমিতে তামাক চাষ করেছেন।

জানা যায়, বগুড়ার ধুনট উপজেলার যমুনা নদীর চরাঞ্চলের যেসব জমিতে আলু, ডাল ও ভুট্টার চাষ করে ব্যাপক ফলন পেলেও দাম ভালো না পাওয়ায় এসব ফসল চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন। এছাড়া আলু ও ভুট্টাসহ বেশ কিছু ফসলের বাজার মূল্য নির্ধারণ নেই এবং ভুট্টা নির্ভর কোনো শিল্প কারখানা গড়ে না ওঠায় প্রতি বছরই ভুট্টা চাষে নানা সমস্যায় পড়তে হয় কৃষকদের। পাশাপাশি আলু, ডাল, ভুট্টার দাম ওঠা-নামা করায় আর্থিকভাবে লোকসানের মুখে পড়ে এসব ফসল চাষে আগ্রহ কমছে।

Advertisement

পক্ষান্তরে তামাক চাষে কৃষকদের ঋণ ও বিনামূল্যে বীজ, সার-কীটনাশনক সরবরাহ করেন কোম্পানির কর্মীরা। টোব্যাকো কোম্পানির কর্মকর্তারা নিয়মিত চাষিদের মাঠ পরিদর্শন করে পরামর্শ ও ক্রয়ের নিশ্চয়তা দিচ্ছেন। যে কারণে তামাক কোম্পানির ওপর আস্থা রেখে তামাক চাষে ঝুঁকছেন চাষিরা। বিক্রির নিশ্চয়তা পেয়ে তামাক চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা। চলতি মৌসুমে যমুনা নদীর চরাঞ্চলে ১২ জন কৃষক প্রায় ২০ বিঘা জমিতে তামাক চাষ করেছেন।

তামাক চাষিরা জানান, আলু ও ভুট্টা চাষের তুলনায় তামাক চাষে লাভ বেশি হওয়ার কথা বলেছেন কোম্পানির লোকজন। তাই কোম্পানির খরচ ও সহযোগিতায় চরে জেগে ওঠা জমিতে তামাক চাষ করেছি। পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জানি। তারপরও লাভ বেশি ও চাষের আগেই টাকা পাওয়ায় তামাক চাষ করছি।

জার্মানি টোব্যাকো কোম্পানির ফিল্ড সুপারভাইজার আবু সাইদ জানান, এবারই প্রথম এ উপজেলায় তামাক চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়েছে। ফলনও ভালো হয়েছে। তামাক চাষে কৃষকদের নানাভাবে সহযোগিতা করা হচ্ছে। অন্য ফসলের তুলনায় তামাক চাষে কৃষকের লাভ হবে বলে মনে করেন এই কর্মকর্তা।

ধুনট উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুস ছাত্তার বলেন, অধিক লাভের আশায় ক্ষতিকর জেনেও এখানকার কৃষকরা তামাক চাষাবাদ করছেন। তামাক চাষ না করার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। তামাকের বিভিন্ন ক্ষতিকর দিক নিয়ে কৃষকদের সঙ্গে কথা হয়েছে। তবুও কিছু কৃষক কোম্পানির প্রলোভনে পড়ে অন্য ফসলের পরিবর্তে তামাক চাষ করছেন। চলতি মৌসুমে যমুনা নদীর চরাঞ্চলে ১২ জন কৃষক প্রায় ২০ বিঘা জমিতে তামাক চাষ করেছেন। তামাকের ফলনও ভালো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: তামাক বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!