ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চোরের কাণ্ড, ডাকাডাকি বন্ধ করতে ছাগলের মুখে স্কচটেপ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ০০:৫৩, ২২ মার্চ ২০২৪
চোরের কাণ্ড, ডাকাডাকি বন্ধ করতে ছাগলের মুখে স্কচটেপ
আখাউড়া থানা। ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায় প্রবেশ করতেই চোখ আটকায় একটি ছাগলের নিথর দেহে। সেখানে দাঁড়িয়ে কখনো আবেগতাড়িত ও কখনো রাগান্বিত সুরে কথা বলছিলেন আবু কাউছার ভূঁইয়া।

যুবলীগের স্থানীয় নেতা আবু কাউছার জানান, বৃহস্পতিবার সকালে থানা পাড়া এলাকা থেকে তার একটি ছাগলের বাচ্চা চুরি হয়। খোঁজাখুঁজির পর জানা যায় লাল চান নামে এক যুবক ছাগলটি নিয়ে গেছে। লাল চান পৌর শহরের  মসজিদ পাড়ার বাসায় যাওয়ার পর প্রথমে সে ছাগল চুরির কথা অস্বীকার করে। পরে তার ঘরের সিলিংয়ের ওপর মুখ বাঁধা অবস্থায় ছাগলটি পাওয়া যায়। 

তিনি বলেন, মুখ বেঁধে ফেলায় শ্বাসরুদ্ধ হয়ে ছাগলটি মারা যায়। ছাগলটি যেন ডাকাডাকি না করতে পারে এজন্যই সে মুখ বাঁধে। ছাগলটির বয়স প্রায় দুই মাস। বাড়িতে পালন করা আরেকটি ছাগল এটির জন্ম দেয়। আমার ছেলে অনিক এটির লালন পালন করতো। তার খুব শখের ছাগল ছিলো এটি। ছাগলটি মারা যাওয়ায় সে মন খারাপ করেছে। বাড়িতে যাওয়ার পরপরই যদি চোর বলতো যে ছাগলটি আছে তাহলেও এটিকে বাঁচানো যেতো। এলাকাবাসীর সহযোগিতায় চোরকে আটক করা হয়েছে।

Advertisement

থানায় উপস্থিত দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. আব্দুল হান্নান বলেন, 'এটা খুবই দুঃখজনক ঘটনা। ছাগলের মরদেহটা দেখেও খারাপ লাগতেছে।

আখাউড়া থানার এসআই মো. মোবারক হোসেন জানান, চোরকে থানায় আটক করে রাখা হয়েছে। থানার ওসির সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!