বগুড়ায় মধ্যরাতে পুড়ল ১২ ফলের দোকান
বগুড়ার সাতমাথায় অগ্নিকাণ্ডে ১২টি ফলের দোকান ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। কিন্তু ততক্ষণে দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়।
শুক্রবার (২২ মার্চ) রাত ১টার দিকে শহরের সাতমাথা এলাকার বিআরটিসি মার্কেট সংলগ্ন ফল মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে।
ব্যবসায়ীরা জানান, শহরের সাতমাথা এলাকার সপ্তপদী মার্কেটের পশ্চিমে ১২টি ফলের দোকান রয়েছে। প্রতিটি দোকানেই বিভিন্ন ধরনের ফল মজুত ছিল। রাতে আগুন লাগার খবর পেয়ে ব্যবসায়ীরা ছুটে আসেন। এসে দেখেন দোকানগুলো ভস্মীভূত হয়ে গেছে।
.png)
ফল ব্যবসায়ী লাল মিয়া বলেন, প্রতিটি দোকানে ১২ থেকে ১৫ লাখ টাকার মাল ছিল। আমরা বেচাকেনা করে নগদ টাকা রেখে গিয়েছিলাম। আগামীকাল ওই টাকাগুলো মহাজনদের দেওয়ার কথা ছিল। কিন্তু টাকাসহ আমাদের সবকিছু পুড়ে ছাই হয়ে গেলো। আমরা পথে বসে গেলাম।
বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক বলেন, আমরা ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণও এই মুহূর্তে নিরুপণ করা যায়নি।
বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজা পারভীন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। একটি দোকানে কিছু টাকা পুড়ে গেছে তার নমুনা পাওয়া গেছে। টাকা পুড়ে যাওয়া দোকান মালিক বাংলাদেশ ব্যাংকে আবেদন করলে তাকে আর্থিক ক্ষতি পুষিয়ে দেবে। জেলা প্রশাসন থেকেও ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে। পাশাপাশি ব্যবসায়ীরা পৌরসভা থেকেও সহযোগিতা পেতে পারে। কি পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এ মুহূর্তে বলা যাচ্ছে না।