রোববার (২৪ মার্চ) দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. বাহাউদ্দিন আহম্মেদ এ রায় দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- হরিণাকুন্ডু উপজেলার গোপিনাথপুর গ্রামের মৃত আত্তাব আলীর ছেলে আক্কাচ আলী, আব্দুল বারীর ছেলে হাসিবুল ইসলাম, মৃত আবুল হোসেনের ছেলে রবিউল ইসলাম, মৃত ইউসুফ আলীর ছেলে ইউনুচ আলী, আলী মন্ডলের ছেলে কাশেম মিয়া।
.png)
এ ছাড়া মৃত জনাব আলী মন্ডলের ছেলে মতিয়ার রহমান, মৃত ইলামদ্দি মন্ডলের ছেলে ইয়াকুব আলী, মৃত আবুল হোসেনের ছেলে সোলাইমান হোসেনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৭ মে জমি বিরোধের জেরে কৃষক হাফিজুরের ওপর হামলা চালান প্রতিপক্ষরা। সেসময় অন্যরা ছুটে এলে কৃষক আবু বকরসহ আরো কয়েকজনকে কুপিয়ে জখম করেন তারা। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কৃষক হাফিজুর রহমান ও আবু বকরের অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবু বকর মারা যান।
এ ঘটনায় ২১ মে নিহতের ভাই আবু তালেব বাদী হয়ে ১৬ জনকে আসামি করে হরিণাকুন্ডু থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রোববার এ রায় দেন আদালত।