শুক্রবার (২৯ মার্চ) রাত পৌনে ১০টার দিকে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরা সাতাইশ এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় হালিমা আক্তার নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। নিহত হালিমা আক্তার কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার কাচারী পোড়াডাঙ্গা গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ওই নারী পোশাকশ্রমিক সড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশের অংশে যাচ্ছিলেন। এ সময় বিআরটির মাঝের লেনে পৌঁছালে গাজীপুরগামী অজ্ঞাত একটি গাড়ি হালিমা আক্তারকে ধাক্কা দেয়। এ সময় আরেকটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
.png)
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) হাফিজুর ইসলাম বলেন, নিহত ওই নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
অপরদিকে, শুক্রবার রাত ২টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পাড় হওয়ার সময় ফাতেমা বেগম নামে এক নারী পিকআপের চাপায় নিহত হয়েছেন। তিনি শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের নুর ইসলামের স্ত্রী।
মাওনা হাইওয়ে থানা পুলিশের ওসি শেখ মাহবুব মোর্শেদ বলেন, শুক্রবার রাত ২টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি পিকআপ তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এদিকে, গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন।
নাওজোড় হাইওয়ে থানার ওসি শাহাদত হোসেন বলেন, শনিবার সকাল ৭টার দিকে কালিয়াকৈর উপজেলার টান সূত্রাপুর এলাকায় জিএমএস গার্মেন্টেস কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পাড় হওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় ওই যুবক নিহত হয়েছেন। যুবকের পরিচয় শনাক্তে কাজ চলছে।
এছাড়া গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় আহত জাহাঙ্গীর নামে এক যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত জাহাঙ্গীর নেত্রকোণার পূর্বধলা থানার লেপিরকান্দা গ্রামের আকবর আলীর ছেলে। তিনি কাকলী ফার্ণিচার কারখানায় কর্মরত ছিল।
শুক্রবার রাত ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) সাখাওয়াত হোসেন।