খুলনা সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডবাসীর আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন অত্র ওয়ার্ডের কাউন্সিলর মো. আলী আকবর টিপু। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত বায়োজিদ হাসানের মা দিলরুবা বেগম, স্ত্রী তাকিয়া সুলতানা, বড় ভাই আব্দুল আহাদসহ এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বায়োজিদ হাসানের হত্যা মামলার আসামি যশোরের খান রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ ও তার ভাই রাকিবুল ইসলাম চৌধুরী সঞ্জয়সহ সব আসামির গ্রেফতার ও ফাঁসির দাবি করেন। এ সময় নিহত বায়োজিদের মা ও স্ত্রী কান্না জড়িত কণ্ঠে হত্যাকারীদের অবিলম্বে বিচার দাবি করেন।
.png)
২৫ মার্চ রাতে যশোরে খান রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদের লোন অফিসপাড়ার চালের আড়ৎ থেকে খুলনার সোনাডাঙ্গা এলাকার বায়োজিদের লাশ উদ্ধার করে পুলিশ। মুল্লুক চাঁদের ঢাকায় একটি নির্মাণাধীন বাড়ির ইঞ্জিনিয়ার পদে চাকরি করতেন বায়োজিদ। বায়োজিদ হত্যার ঘটনায় রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ ও তার ভাই রাকিবুল ইসলাম চৌধুরী সঞ্জয়সহ ৯ জনের বিরুদ্ধে যশোরের কোতোয়ালি থানায় নিহতের মা দিলরুবা মামলা করেন। এ মামলার তিন আসামিকে গ্রেফতার করা হয়। এ মামলার এজাহারনামীয় আসামি মোস্তাফিজুর রহমান খোকাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন তদন্তকারী কর্মকর্তা। খোকা এ ঘটনায় জড়িত ও অপর জড়িতের নাম উল্লেখ করে আদালতে ওই জবানবন্দি দিয়েছেন।