ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনে-দুপুরে নগদের দুই এজেন্টকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৮, ৪ এপ্রিল ২০২৪
দিনে-দুপুরে নগদের দুই এজেন্টকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই
ফাইল ফটো

নরসিংদীর রায়পুরায় নগদের দুই এজেন্টকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রায়পুরার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ ১০ ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

গুলিবিদ্ধরা হলেন- পলাশ উপজেলার চরনগরদী এলাকার রশিদ পাঠানের ছেলে নগদের নরসিংদী ব্রাঞ্চের সুপারভাইজার দেলোয়ার হোসেন ও একই উপজেলার ইছাখালি এলাকার মৃত আমির চাঁন মিয়ার ছেলে নগদের নরসিংদী ব্রাঞ্চের মাঠ কর্মীর শাহিন মিয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন নগদের নরসিংদী ব্রাঞ্চের ডিস্ট্রিবিউটর শহিদ মিয়া।

Advertisement

তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নগদের নরসিংদী ব্রাঞ্চ থেকে টাকা নিয়ে রায়পুরা ব্রাঞ্চে যাচ্ছিলেন দুই এজেন্ট। তারা হাসনাবাদ বাজার সংলগ্ন ব্রিজের কাছে পৌঁছালে অজ্ঞাত দুই ব্যক্তি নগদের দুই কর্মীর মোটরসাইকেলের গতিরোধ করে। ওই সময় তারা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে দেলোয়ারের পেটে ও শাহিনের হাতে গুলি করে। পরে ৬০ লাখ টাকার ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুসরাত শারমীন জানান, দুইজনকেই গুলিবিদ্ধ অবস্থায় আনা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

রায়পুরা থানার ওসি সাফায়েত হোসেন পলাশ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত চলছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!