ইতেকাফে থাকা অবস্থায় সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু
ময়মনসিংহের ত্রিশালে মসজিদে ইতেকাফে থাকা অবস্থায় আনিছুর রহমান ভুট্টু (৬৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানা গেছে।
শনিবার (৬ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে ত্রিশাল বাজার বড় মসজিদ থেকে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান। তিনি উপজেলার আমিরাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
আমিরাবাড়ি ইউপির বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২১ রমজান রাত থেকে ত্রিশাল বাজার বড় মসজিদে ইতেকাফে বসেন আনিছুর রহমান ভুট্টু। শনিবার বিকেলে হঠাৎ তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে চুরখাই কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকায় নেয়ার পথে বিকেল পৌনে ৫টার দিকে তিনি মারা যান।
.png)
হাবিবুর রহমান আরো জানান, আনিছুর রহমান ভুট্টু ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে আমিরাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। আগামীকাল রোববার বেলা ১১টায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।