ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রবাসীর স্ত্রীর কাছে তিনি ‘ওসি নাজমুল’

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০০:০৫, ৭ এপ্রিল ২০২৪
প্রবাসীর স্ত্রীর কাছে তিনি ‘ওসি নাজমুল’
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে পংকজ নাথ নামে এক যুবককে গ্রেফতার করেছে সংস্থাটি।

শনিবার এ তথ্য নিশ্চিত করেন পিবিআই চট্টগ্রাম জেলার এসপি নাজমুল হাসান। এর আগে, শুক্রবার নগরের দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত পংকজ নাথ বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের পুলিন দেবনাথের ছেলে।

Advertisement

পিবিআই জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকার বাসিন্দা এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরিচয় হয় পংকজের। হোয়াটসঅ্যাপে পুলিশের পোশাক পরা ছবি দিয়ে নিজেকে পিবিআইয়ের ‘ওসি নাজমুল’ পরিচয় দেন পংকজ। পরিচিত এক ব্যক্তির কাছে ১০ লাখ টাকা পান ঐ নারী। পাওনা টাকা উদ্ধারে পংকজের (কথিত ওসি নাজমুল) সহযোগিতা চান তিনি। তখন টাকা উদ্ধারের আশ্বাস দিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তার কাছ থেকে দুই লাখ ১০ হাজার টাকা নেন পংকজ। কিন্তু টাকা উদ্ধার করে না দিয়ে আরো এক লাখ টাকা দাবি করলে সন্দেহ হয় ঐ নারীর।

এরপর পিবিআইয়ের কাছে গিয়ে ওসি নাজমুল নামে পিবিআইয়ে কেউ আছেন কি না এবং তার কাছে পাওনা টাকা উদ্ধারের কোনো অভিযোগ তদন্তাধীন আছে কি না জানতে চান। এরপরই বিষয়টি জানাজানি হয়।

পিবিআই এসপি নাজমুল হাসান বলেন, প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়ে পংকজকে গ্রেফতারে অভিযান শুরু করি। অবস্থান শনাক্ত করে শুক্রবার রাতে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসপি বলেন, নিজের হোয়াটসঅ্যাপের প্রোফাইলে পুলিশের পোশাক পরা একটি ছবি ব্যবহার করেছেন পংকজ, যাতে মানুষের বিশ্বাস জন্মে। ফেসবুকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং পুলিশ ইন্সপেক্টর হিসেবে নিজের পরিচয় উল্লেখ করেছেন। বিভিন্নজনের কাছে নিজেকে কখনো পিবিআইয়ের ওসি, কখনো সিআইডি কর্মকর্তা, আবার কখনো নৌবাহিনীর কমডোর হিসেবেও পরিচয় দিয়েছেন। পিবিআইয়ের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে হাটহাজারী থানায় মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!