ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে ১০ কোটি টাকার ক্রিস্টাল মেথ উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৩, ৭ এপ্রিল ২০২৪
টেকনাফে ১০ কোটি টাকার ক্রিস্টাল মেথ উদ্ধার
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ এলাকা থেকে ২ দশমিক ১২৮ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি সংস্থাটি। 

শনিবার রাতে মেরিন ড্রাইভ-সংলগ্ন টেকনাফ সদর ইউনিয়নের মহেষখালিয়া পাড়া ঘাট এলাকা থেকে চালানটি জব্দ করা হয়। এর আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা।

রোববার বিকেলে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

বিজিবি সূত্র জানায়, টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ-সংলগ্ন মহেষখালিয়া পাড়া ঘাট এলাকা দিয়ে সাগরপথে মিয়ানমার থেকে শনিবার রাতে মাদকের চালান আসার তথ্য পায় বিজিবি। সংস্থাটির বিশেষ চোরাচালান প্রতিরোধ দল মহেষখালিয়া পাড়া ঘাটে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে অবস্থান নেয়। রাত সাড়ে ৯টার দিকে বিজিবির সদস্যরা ঘাটে সন্দেহভাজন একজনকে নৌকা থেকে একটি পোঁটলা হাতে নামতে দেখেন। বিজিবির সদস্যরা তাকে ধাওয়া করলে তিনি হাতের পোঁটলা ফেলে দ্রুত নৌকায় উঠে গভীর সাগরের দিকে পালিয়ে যান। ফেলে যাওয়া পোঁটলায় ২ দশমিক ১২৮ কেজি ক্রিস্টাল মেথ পাওয়া যায়। চোরাকারবারিকে শনাক্তের চেষ্টা চালাচ্ছে বিজিবি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!