ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রেন দুর্ঘটনায় ৬ জন নিহতের ঘটনায় গেটম্যান গ্রেফতার

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২৩:২৬, ৭ এপ্রিল ২০২৪
ট্রেন দুর্ঘটনায় ৬ জন নিহতের ঘটনায় গেটম্যান গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনী সদর উপজেলার ফাজিলপুরের মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন ক্রসিং এ  বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কায় ৬ জন নিহতের ঘটনায় রেলওয়ের গেটম্যান মো. সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাইফুল চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার উত্তর সোনাপুর গ্রামের শেখ মো. আনোয়ারুল আজিমের ছেলে।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্প জানায়, গোপন সূত্রে খবর পেয়ে মামলার প্রধান আসামি মো. সাইফুল ইসলাম চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার বামন সুন্দর এলাকায় অবস্থান করছে। র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। 

Advertisement

ফেনীস্থ র‍্যাবের কোম্পানী অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, গ্রেফতার আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লাকসাম রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে, গত ৫ এপ্রিল (শুক্রবার) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনীর মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন ক্রসিং এ  চট্টগ্রামগামী একটি মেইল ট্রেন বালুবাহী ট্রাককে ধাক্কা দেয়। এ ঘটনায় ছয়জন নিহত হয়। এরমধ্যে ট্রেনের ইঞ্জিনের সামনে থাকা রেলযাত্রী তিন যুবক, ট্রাক চালক, সহকারি ও চালকের ছেলে। ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়। এতে দুর্ঘটনাস্থলের ক্রসিংয়ের দায়িত্বে থাকা গেটম্যান মো. সাইফুল ইসলাম ও মো. রাশেদ খানকে আসামি করা হয়েছে। মামলা দায়ের হওয়ার পর আসামিরা আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) রিটন চাকমা বলেন, গেটম্যানদের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগে দুইটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে আমি বাদী হয়ে একটি মামলা করেছি। এছাড়া তাদের বিরুদ্ধে দাফতরিক তদন্ত চলছে। অভিযুক্ত দুইজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার কারণ জানতে রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনিসুর রহমানকে আহ্বায়ক করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তদন্ত সাপেক্ষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। দুর্ঘটনার সময় সিগন্যাল বারটি ফেলা হয়নি বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ ঘটনায় রেলওয়ে একটি তদন্ত কমিটির মাধ্যমে কারণ অনুসন্ধান করছে। কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!