নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় নেশার টাকা না পেয়ে মায়ের ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন শেখ ফরিদ নামে এক কিশোর।
সোমবার সকালে দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়ার সুসং আশ্রয়ণ প্রকল্প এলাকার একটি আম গাছ থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ। মৃত শেখ ফরিদ আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আব্দুল করিমের ছেলে।
.png)
জানা গেছে, শেখ ফরিদ নিয়মিত মাদক সেবন করতেন। মাদক কেনার জন্য মায়ের কাছ থেকে টাকা নিতেন ফরিদ। রোববার রাতে মায়ের কাছে ৪০০ টাকা চান ফরিদ। টাকা না দেওয়ায় বাড়ি থেকে বের হয়ে যান। এরপর রাতে আর বাড়ি ফিরেননি। সোমবার সকালে ঘরের পাশেই একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় ফরিদকে দেখতে পান প্রতিবেশী সাইফুল ইসলাম। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
দুর্গাপুর থানার এসআই শহিদুল আলম জানান, মায়ের ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়েছেন ওই কিশোর। মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।