রোববার (৭ এপ্রিল) আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে রাত ১০টায় জেলা সদরের রেইসা চেকপোস্ট এলাকা থেকে ব্যাংক হামলায় সরাসরি জড়িত তিন কেএনএফ সদস্যকে গ্রেফতার করে। পরে সোমবার সকাল ৮টার দিকে গাড়িসহ চালককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, গাড়ির চালক মোহাম্মদ কফিল উদ্দিন সাগর, রোয়াংছড়ি উপজেলার রৌনিন পাড়া ৬নং ওয়ার্ডের জিংচুন নুং বমের ছেলে ভানুনুন নুয়াম বম, থানচি উপজেলার ৯নং ওয়ার্ড সিমত্লাংপি পাড়ার লাল মুন চম বমের দুই ছেলে-মেয়ে জেমিনিউ বম ও আমে লনচেও বম।
.png)
বান্দরবান জেলা পুলিশ সুপার সৌকত শাহীন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িত গাড়ির চালক ও তিনজন কেএনএফ সদস্য গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
থানচি থানার ওসি জসিম উদ্দীন বলেন, তাদেরকে গতকাল বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানাব।
বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে। যৌথ বাহিনীর তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া পুলিশ ও র্যাব নিজস্ব উদ্যোগে খণ্ড খণ্ড অভিযান চালাচ্ছে।
এর আগে, রোববার (৭ এপ্রিল) ভোর ৫টায় বান্দরবানে বিশেষ অভিযান চালিয়ে কেএনএফের স্থানীয় প্রধান সমন্বয়ক চেওসিম বমকে গ্রেফতার করে র্যাব।
উল্লেখ্য, গত ২ এপ্রিল রাত ৯টার দিকে তারাবির নামাজ চলাকালে পাহাড়ি সন্ত্রাসীদের একটি সশস্ত্র গ্রুপ বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকের শাখায় ঢুকে ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুটে করে। এ সময় তারা ব্যাংকের আইনশৃঙ্খলায় নিয়োজিত পুলিশ সদস্যদের অস্ত্রও লুট করে। একইসঙ্গে মসজিদ থেকে ব্যাংকের ম্যানেজার নিজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়।
পরদিন বুধবার (৩ এপ্রিল) দুপুরে থানচিতে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সোনালী ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। এরপর তাদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়।