ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভবনের দারোয়ানকে পিটিয়ে হত্যা, মালিকের শ্যালকসহ গ্রেফতার ২

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১৩, ৯ এপ্রিল ২০২৪
ভবনের দারোয়ানকে পিটিয়ে হত্যা, মালিকের শ্যালকসহ গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামে ভবনের দারোয়ানকে পিটিয়ে হত্যার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে নগরের চান্দগাঁও থানা পুলিশ।

সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেন থানার ওসি জাহিদুল কবির। এর আগে, রোববার রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া এলাকার মাহমুদুল হকের ছেলে মো. ফোরকান উদ্দীন ও পটিয়া পৌরসভার বাহুলী এলাকার হাবিবুল্লাহর ছেলে মো. মামুন মিয়া।

Advertisement

জানা যায়, চান্দগাঁও থানা এলাকায় অবস্থিত ছিদ্দিক ম্যানশন নামের ভবনটির মালিক আবু ছিদ্দিক দেশের বাইরে থাকেন। তার ছেলেও দেশের বাইরে থাকেন। রমজানে দেশে আসেন তারা। নিহত শহীদুল্লাহকে ভবনটিতে দারোয়ান হিসেবে নিয়োগ দেন মালিকের শ্যালক ফোরকান উদ্দীন।

রোববার ভোরে চুরির অপবাদ দিয়ে শহীদুল্লাহকে মারধর করেন বাড়ির মালিক, শ্যালকসহ কয়েকজন। মারধরে শহীদুল্লাহর মৃত্যু হলে কৌশলে স্বজনদের ডেকে লাশ দাফনের জন্য গ্রামের বাড়ি বাঁশখালীতে পাঠিয়ে দেন তারা। বাড়িতে নেয়ার পর লাশ গোসলের জন্য নিলে শহীদুল্লাহর শরীরের নানা স্থানে জখমের চিহ্ন পাওয়া যায়।

ওসি জাহিদুল কবির বলেন, শরীরে জখমের চিহ্নের কথা শহীদুল্লাহর স্বজনরা বাঁশখালী থানায় জানান। এরপর বাঁশখালী থানা পুলিশ আমাদের জানালে রোববার রাতে খাজা রোডের একটি বাসা থেকে ভবন মালিকের শ্যালক ফোরকানকে ও বাসস্ট্যান্ড এলাকা থেকে আরো একজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মামলা করেছেন নিহতের বোন। জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!