ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাছের ঘের থেকে স্যাটেলাইট ট্যাগ বসানো কুমির উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩১, ১৩ এপ্রিল ২০২৪
মাছের ঘের থেকে স্যাটেলাইট ট্যাগ বসানো কুমির উদ্ধার
স্যাটেলাইট ট্যাগ বসানো কুমির

বাগেরহাটের চিতলমারীর একটি মাছের ঘের থেকে স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো কুমির উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১২ এপ্রিল) রাতে চিতলমারী উপজেলার দক্ষিণ শৈলদাহ গ্রামের মো. হাসান শেখের মাছের ঘের থেকে কুমিরটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, হঠাৎ করে মাছের ঘেরে কুমিরটি দেখতে পান স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে কুমির দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। একপর্যায়ে কুমিরটিকে উদ্ধার করেন স্থানীয়রা। কুমিরের শরীরে স্যাটেলাইট ট্রান্সমিটার রয়েছে। পরে ট্রাকে করে কুমিরটি খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তার (ডিএফও)’র কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

Advertisement

চিতলমারী থানার ওসি ইকরাম হোসেন বলেন, কেউ যাতে কুমিরটির ক্ষতি না করে সেজন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছিল। আমরা বন বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি। খুলনা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য্যর নেতৃত্বে একটি দল ট্রাকে করে কুমিরটিকে খুলনায় নিয়ে গেছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তার (ডিএফও) নির্মল কুমার পাল বলেন, আমরা কুমিরটিকে উদ্ধার করেছি। কুমিরটি সুস্থ রয়েছে। পরবর্তীতে কুমিরটিকে সুন্দরবনের গভীরে অবমুক্ত করা হবে।

প্রসঙ্গত, গবেষণার মাধ্যমে সুন্দরবনের কুমিরের চলাচল ও গতিপথ জানার জন্য গত ১৩ মার্চ থেকে ১৬ মার্চ  স্যাটেলাইট ট্যাগ বসিয়ে চারটি কুমির সুন্দরবনের হারবাড়িয়া পয়েন্টে অবমুক্ত করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!