লালমোহন পল্লী বিদ্যুতের জোনাল অফিস সূত্রে জানা গেছে, গত রোববারের (৭ এপ্রিল) ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে উপজেলার বিভিন্ন এলাকার বিদ্যুৎ লাইনের। ওই ঝড়ে গাছপালা উপড়ে পড়ে অন্তত দুই হাজারটি বিদ্যুতের তার ছিঁড়ে যায়। এছাড়া খুঁটি ভেঙে গেছে ৮৫টি। এর ফলে গত এক সপ্তাহ ধরে বন্ধ ছিল উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ।
ঝড়ের পর থেকে কয়েকদিন বিদ্যুৎহীন ছিল উপজেলার প্রায় ৮২ হাজার গ্রাহক। তবে ঝড়ের এক সপ্তাহ পর পল্লী বিদ্যুতের অন্তত একশ কর্মীর রাত-দিনের পরিশ্রমের মাধ্যমে পর্যায়ক্রমে লালমোহন উপজেলার বিদ্যুৎ সংযোগ পুরোপুরি চালু করা হয়েছে।
.png)
লালমোহন উপজেলা পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) একেএম ফজলুল হক বলেন, ঝড়ের তাণ্ডবে উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগের ব্যাপক ক্ষতি হয়। যার জন্য কর্মীদের ঈদের ছুটিও বাতিল করা হয়েছিল। আমরা গ্রাহকদের দুর্ভোগ লাঘবের জন্য অন্তত একশ কর্মীকে নিয়ে এক সপ্তাহ ধরে রাত-দিন পরিশ্রম করে লালমোহনের বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করেছি। তবে কোথাও যদি এখনো বিদ্যুৎ সংযোগ চালু না হয়ে থাকে তাহলে গ্রাহকদের প্রতি অনুরোধ থাকবে আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করার। কারণ আমরা গ্রাহকদের মাঝে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে চাই।