ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ ও মারধরের ঘটনায় গ্রেফতার ২

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৬, ১৬ এপ্রিল ২০২৪
চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ ও মারধরের ঘটনায় গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরে জেলা নির্বাচন অফিসের সামনে থেকে সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণের পর মারধরের ঘটনার মামলায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে আহত দেলোয়ার হোসেনের ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন।

মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানার কর্মকর্তা ওসি মো. মিজানুর রহমান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন সিংড়া উপজেলার কলম ইউনিয়নের কৃষ্ণপুর এলাকার বাসিন্দা সুমন আহমেদ এবং একই উপজেলার শেরকোল ইউনিয়নের হারোবাড়িয়া এলাকার নাজমুল হক বাবু।

আহত দেলোয়ার হোসেনের পরিবার জানান, সোমবার সকালে অনলাইনে মনোনয়নপত্র দাখিলের জন্য দেলোয়ার হোসেন ব্যাংকে জামানতের টাকা জমা দেওয়ার জন্য বের হন। এ সময় তারা জরুরি প্রয়োজনে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে গেলে সেখান থেকে একটি কালো রঙের মাইক্রোবাসে করে কয়েকজন দুর্বৃত্ত আলাউদ্দিন মুন্সিকে অপহরণ করে। পরে দেলোয়ার হোসেন নির্বাচন অফিস থেকে নেমে আসলে তাকেও একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে নেয়। এ সময় তাকে গাড়ির ভেতর মারধর করা হয়।

পরে বিকেলে দেলোয়ার হোসেনের বাড়ির সামনে (সিংড়া উপজেলার কলম ইউনিয়নের পারসাঐল গ্রাম) ফেলে দিয়ে চলে যায়। পরে দেলোয়ার হোসেনকে অচেতন অবস্থায় পরিবারের লোকজন প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে চিকিৎসক। সন্ধ্যায় হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে নেয়া হয়।

আর আগে সোমবার রাতে আহত দেলোয়ার হোসেনের ভাই বাদী হয়ে নাটোর সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে দু’জন অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে।

ওসি মো. মিজানুর রহমান বলেন, রাতে দেলোয়ার হোসেনের ভাই অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করে। পুলিশ এ ঘটনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!