ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিল-ঘুষিতে ইউপি সদস্য নিহতের ঘটনায় মামলা

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫০, ১৮ এপ্রিল ২০২৪
কিল-ঘুষিতে ইউপি সদস্য নিহতের ঘটনায় মামলা
কিল-ঘুষিতে নিহত সাবেক ইউপি সদস্য সুরুজ আলী প্রধান (বামে) ও আসামি কবির হোসেন (ডানে)। ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের মাইজকান্দি গ্রামে সালিসি বৈঠকে কিল-ঘুষিতে সাবেক ইউপি সদস্য সুরুজ আলী প্রধান হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।

বুধবার থানায় মামলা দায়ের করেন সাবেক ইউপি সদস্যের স্ত্রী নুরজাহান বেগম। মামলায় আসামি করা হয় ওই গ্রামের পাটওয়ারী বাড়ির রহমত উল্লাহ পাটওয়ারী ছেলে কবির হোসেনকে।

বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেন মতলব উত্তর থানার  ওসি মোহাম্মদ শহীদ হোসনে।

Advertisement

এর আগে মঙ্গলবার দুপুরে ওই গ্রামের পাটওয়ারী বাড়িতে মা-ছেলের সালিসি বৈঠকে ছেলে কবির হোসেন তার মায়ের কাছে ক্ষমা চাইতে বলে একটি থাপ্পড় দেয় সাবেক মেম্বার সুরুজ আলী প্রধান। এতে কবির হোসেন ক্ষিপ্ত হয়ে কিল- ঘুষি দেয় সুরুজ আলীকে। ঘটনাস্থলেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর সরেজমিন ওই বাড়িতে গিয়ে দেখা গেছে, আসামি কবির হোসেন, তার মা মনোয়ারা বেগমসহ কেউ বাড়িতে নেই। ঘটনার পর তারা ঘরে তালাবদ্ধ করে পালিয়েছে।

নিহত সাবেক ইউপি সদস্য সুরুজ আলীর ভাগিনা সামিউল বলেন,মামার কোনো সন্তান নেই। মামার মৃত্যুর পরে মামির দেখাশুনার আর কেউ রইল না। 

কান্নাজড়িত কণ্ঠে সুরুজ আলীর স্ত্রী নুরজাহান বেগম বলেন, সালিস বৈঠকে না যাওয়ার জন্য কয়েকবার বলেছি। কবিরের স্বজনরা ডেকে নিয়ে আমার স্বামীকে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই।

মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন বলেন, মামলায় কবির হোসেন নামে ব্যক্তিকে বিবাদী করা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!