ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কালোবাজারে ট্রেনের ৮৫ টাকার টিকিট ৫০০ টাকা

মাহজারুল ইসলাম অনিক, চাঁদপুর
প্রকাশিত: ১১:০৪, ১৮ এপ্রিল ২০২৪
কালোবাজারে ট্রেনের ৮৫ টাকার টিকিট ৫০০ টাকা
ছবি: ডেইলি বাংলাদেশ

ঈদ ও পহেলা বৈশাখের আমেজ শেষ করে সাগরিকা ট্রেনে করে চট্টগ্রামের উদ্দেশে চাঁদপুর ছাড়তে গিয়ে কাউন্টারের ৮৫ টাকায় টিকিট না পেয়ে যাত্রীরা বাধ্য হয়ে কালোবাজারিদের কাছ থেকে ৪শ’থেকে ৫শ’ টাকায় কেনার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার দুপুরে চাঁদপুরের কালীবাড়ি রেলস্টেশন ও বড় স্টেশনের কাউন্টারে টিকিট নিয়ে যাত্রীদের হট্টগোল দেখে এ প্রতিবেদক কালোবাজারি কার্যক্রমের সত্যতা পান।

যাত্রীরা বলেন, কাউন্টারে টিকিট পাইনি। কী করবো তাই কালোবাজারিদের থেকে ৮৫ টাকার টিকেট ৫শ’ টাকা দিয়ে অর্থাৎ বেশি দাম দিয়ে নিতে হচ্ছে। আর এ কাজে জড়িত রেলের টিকিট কাউন্টারের লোকজনই। তারাই ম্যানেজ হয়ে সব টিকিট বাইরে কালোবাজারিদের কাছে দিয়ে রাখছেন। এতে যাত্রীরা ভোগান্তি পোহাচ্ছে।

Advertisement

ভুক্তভোগী যাত্রীরা আরো বলেন, অনেক আনসার সদস্যরাও উচ্চ দামে কালোবাজারি হিসেবে টিকিট বিক্রি করছে।

সরেজমিন দেখা যায়, কালিবাড়ী রেলস্টেশনে সাগরিকা ট্রেনের টিকিট কালোবাজারি হিসেবে বেশি দামে বিক্রি করছে মোহাম্মদ মিরাজ। তিনি নিজেই রেল স্টেশনের টিকিট কাউন্টারের লোক।

অভিযোগ প্রসঙ্গে মিরাজ বলেন, চট্টগ্রামের ১২০টি টিকিট পেয়েছি। যাত্রী বেশি থাকায় দিতে পারিনি ঠিকমতো। কালোবাজারিদের মতো বেশি দামে বিক্রি করিনি। যদি ২০-৩০ টাকা বেশি দেয় কেউ সেই টাকাই নেই। আমরা বেতন কম পাই মাত্র ৭ হাজার টাকা। কেউ খুশি মনে দিলে ঐ টাকা নিই। এই কায়দায় চাঁদপুর বড় স্টেশনের কাউন্টারেও টিকিট বিক্রি হচ্ছে বলে তিনি মন্তব্য করেছেন।

বড় স্টেশনের টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা মো. আকাশ বলেন, চট্টগ্রামের টিকিট আমাকে দেওয়া হয়েছে ১৩০টি। কিন্তু যাত্রী বেশি থাকায় ঠিকমতো টিকেট দিতে পারছি না। ৮৫ টাকার টিকিট ৪০০-৫০০ টাকায় কেউ কেউ কালোবাজারি হিসেবে বিক্রি করছে শুনেছি। তবে তার সঙ্গে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই।

চাঁদপুর রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার সোয়েবুল সিকদার বলেন, সাগরিকা ট্রেনটি বেসরকারিভাবে চলায় তারা নিজেরাই নিজেদের টিকিট বিক্রি করছে। স্থানীয় কিছু লোক এই কালোবাজারিতে জড়িত থাকতে পারে। কিন্তু এখনো কোনো অভিযোগ পাইনি। তবে এ ধরনের কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

চাঁদপুর রেলওয়ে থানার ওসি মাসুদুর রহমান বলেন, টিকিট কালোবাজারিদের হাতে চলে যাচ্ছে এবং যাত্রীদের কাছে মোটা অংকের টাকা নিয়ে বিক্রি করছে এ ধরনের কোনো লিখিত অভিযোগ এখনো পাইনি। যদি কেউ এ ধরনের অভিযোগ দেয় তাহলে সেই অনুযায়ী কালোবাজারিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!