ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যৌন নির্যাতনে অতিষ্ঠ হয়ে মালিককে খুন, কর্মচারীর জেল

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩০, ১৮ এপ্রিল ২০২৪
যৌন নির্যাতনে অতিষ্ঠ হয়ে মালিককে খুন, কর্মচারীর জেল
ফাইল ফটো

চট্টগ্রামে কারখানার মালিককে খুনের দায়ে কর্মচারীকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত কর্মচারীর নাম মোহাম্মদ ইউনুছ। তিনি রাঙ্গুনিয়া উপজেলার মধ্যম সরফভাটা গ্রামের বাসিন্দা।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, হত্যা মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মোহাম্মদ ইউনুছকে ছয় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে জামিনে গিয়ে পলাতক রয়েছেন ইউনুছ। সাজা পরোয়ানামূলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

Advertisement

মামলার নথি ও আসামির জবানবন্দি থেকে জানা যায়, কর্মচারী মোহাম্মদ ইউনুছকে নিয়মিত যৌন নির্যাতন করতেন সেলাই মেশিন কারখানার মালিক কামাল উদ্দিন। ২০০৯ সালের ১২ জুন রাতে ওয়ার্কশপে নিয়ে ইউনুছকে তিনবার যৌন নির্যাতন করেন কামাল। এ সময় নির্যাতন সহ্য করতে না পেরে কামালকে ধাক্কা দেন ইউনুছ। তখন কামালও ইউনুছকে ধাক্কা দিয়ে ফেলে তার গায়ে সেলাই মেশিন ছুঁড়ে মারেন। কিন্তু সেটি ইউনুছের গায়ে লাগেনি।

ধস্তাধস্তির একপর্যায়ে ইউনুছকে গলা টিপে খুনের চেষ্টা করেন কামাল। এ সময় ইউনুছ নিজেকে রক্ষা করতে কামালের গালে কামড় দেন এবং গলা চেপে ধরলে শ্বাসরোধে কামাল মারা যান।

পরদিন সকালে কামালের মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় চান্দগাঁও থানায় মামলা করেন কামালের ছেলে মোহাম্মদ সাদেক। পরে অভিযান চালিয়ে কর্মচারী ইউনুছকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর আদালতে পাঠানো হলে সেখানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

মামলাটির তদন্ত শেষে ২০১০ সালের ৩ মার্চ আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০১১ সালের ৬ জানুয়ারি ইউনুছের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলাটিতে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!