সোমবার বিকেলে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দোকানের মালিক অভিযুক্ত মো. রুহুল আমিনকে গ্রেফতার করে।
এ সময় তার দোকান থেকে চুরিকৃত তিনটি মোবাইল, আইএমইআই পরিবর্তন কাজে ব্যবহৃত ডেক্সটপ কম্পিউটার ও একটি মনিটর,আইএমইআই পরিবর্তন করার তিনটি ডিভাইস উদ্ধার করে। আটক অভিযুক্ত রুহুল আমিন ময়মনসিংহের নান্দাইল উপজেলার পাঁচ দড়িল্লা গ্রামের আ. জলিলের ছেলে।
.png)
র্যাব-১৪, সিপিসি-২ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান, বর্তমান ইন্টারনেটের যুগে সবচেয়ে জটিল সমস্যার নাম হচ্ছে সাইবার ক্রাইম। কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে মোবাইলের কোড পরিবর্তন করে অপরাধীরা নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হচ্ছে। চুরি বা ছিনতাই করা মোবাইলের আইএমইআই কোড পরিবর্তন করে অপরাধীরা অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করলেও তাদের চিহ্নিত করা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য কষ্ট সাধ্য হয়ে দাঁড়িয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী এই চোরাই বা ছিনতাইকৃত মোবাইল সংগ্রহ করে আইএমইআই নম্বর পরিবর্তন করে অপরাধীদের কাছে সরবরাহ করে।
এ সব অসাধু ব্যবসায়ী ও অপরাধী চক্রকে আইনের আওতায় আনতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জেলা শহরের পুরানথানা এলাকার আ.সামাদ প্লাজার নিচ তলায় মেসার্স জেএফ টেলিকম দোকানে অভিযান চালায়।
এ ঘটনায় আটক অভিযুক্ত আসামি রুহুল আমিনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র্যাব।