ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ক্যাসিনো সম্রাট সেলিম প্রধানের মনোনয়ন বাতিল

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৭, ২৩ এপ্রিল ২০২৪
ক্যাসিনো সম্রাট সেলিম প্রধানের মনোনয়ন বাতিল
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেওয়া ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেলিম প্রধানের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন যাচাই-বাছাই অনুষ্ঠানে তার মনোনয়ন বাতিল করা হয়।

নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ জানান, সেলিম প্রধানের বিরুদ্ধে দুদকের এক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাভোগের অভিযোগ করেন অন্য প্রার্থীরা। এ বিষয়ে সেলিম প্রধানের আইনজীবী সঠিকভাবে এর ব্যাখ্যা দিতে পারেননি। ফলে অভিযোগ প্রমাণিত হওয়ায় সেলিম প্রধানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

সেলিম প্রধানের আইনজীবী অ্যাডভোকেট মো. কামাল হোসেন বলেন, সব ধরনের পেপারস দেওয়ার পরেও মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আমরা হাইকোর্টে আপিল করবো। আশা করি, হাইকোর্টের মাধ্যমে সেলিম প্রধান মনোনয়ন ফিরে পাবেন।

জানা গেছে, ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী একটি বিমান থেকে সেলিম প্রধানকে আটক করেছিল র‌্যাব। এরপর তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে দেশি-বিদেশি মুদ্রাসহ বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী তখন বাহিনী বলেছিল, সেলিম প্রধান বাংলাদেশে অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়ার মূলহোতা। তিনি প্রচুর টাকা বিদেশে পাচার করেছেন। সেইসঙ্গে সেলিম প্রধানের বিরুদ্ধে ঢাকার গুলশান থানায় মাদক আইন, মানিলন্ডারিং আইন ও বৈদেশিক মুদ্রা আইনে তিনটি মামলা হয়। এসব মামলা বিচারাধীন। তবে সেলিম প্রধান জামিনে রয়েছেন।

একইসঙ্গে দুদকের এক মামলায় ২০২৩ সালের ৩০ এপ্রিল সেলিম প্রধানের সাজার রায় দিয়েছেন আদালত। অবৈধভাবে সম্পদ অর্জন ও অর্থ পাচারের দুই ধারায় ঐ মামলায় সেলিম প্রধানকে চার বছর করে কারাদণ্ড দেন আদালত। যার সাজাভোগ শেষ হয়েছে। একইসঙ্গে এ সাজার বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেছেন, যা শুনানির অপেক্ষায় রয়েছে।

উল্লেখ্য, রূপগঞ্জ উপজেলা নির্বাচনের তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৪ থেকে ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭-২৯ এপ্রিল, মনোনয়ন পত্র প্রত্যাহার ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে এবং ২১ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!