ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে তীব্র তাপপ্রবাহ, বৃষ্টির প্রার্থনায় ৪ উপজেলায় নামাজ আদায়

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৭, ২৫ এপ্রিল ২০২৪
নোয়াখালীতে তীব্র তাপপ্রবাহ, বৃষ্টির প্রার্থনায় ৪ উপজেলায় নামাজ আদায়
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীতে তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও বৃষ্টির কামনায় সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছেন জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে বিশেষ মোনাজাতে বৃষ্টি চেয়ে দোয়া করেছেন তারা। এ সময় ৪টি উপজেলায় নামাজে অংশ নেন সহস্রাধিক মুসল্লি।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট ইসলামিয়া কামিল মাদরাসা, একই সময় চাটখিল উপজেলার কামিল মাদরাসা মাঠে, সকাল ১০টায় বেগমগঞ্জ উপজেলার লক্ষ্মী নারায়ণপুর ঈদগাহ এবং দুপুর ১২টায় জেলা শহর মাইজদীর পিটিআই স্কুল মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়।

এতে ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন বসুরহাট ইসলামিয়া কামিল মাদরাসার আরবি বিভাগের অধ্যাপক মাওলানা মাকসুদুর রহমান ও চাটখিল আলিম মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর জব্বার।

Advertisement

নামাজে অংশ নেয়া স্থানীয় মুসল্লিরা জানান, দীর্ঘদিন ধরে অনাবৃষ্টির কারণে মানুষ, পশুপাখিসহ সবাই খুব কষ্টে আছে। এজন্য তারা বৃষ্টির আশায় নামাজ পড়েছেন।

স্থানীয় বাসিন্দা মো. কামাল উদ্দিন বলেন, অনাবৃষ্টির কারণে মানুষ হাহাকার করছে। মহান আল্লাহ কোনো কারণে আমাদের ওপরে নারাজ হয়েছেন। এ কারণে বৃষ্টি বর্ষণ বন্ধ রেখেছেন। আজকে মহান আল্লাহর কাছে বৃষ্টি বর্ষণের জন্য মুসল্লিদের নিয়ে নামাজ আদায় করেছি। নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করেছি।

বসুরহাট পৌরসভা ওলামা মাশায়েখের উদ্যোগে আয়োজিত ইস্তিসকার নামাজে অংশ নেন, বসুরহাট পৌরসভার মাওলানা মোশারেফ হোসেন, মাওলানা হেলাল উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা ওলামা সভাপতি মাওলানা মহিউদ্দিন, চরপার্বতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কাজী হানিফ আনসারী ও উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা এমদাদ উল্যাহ। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!