অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
ফেনীতে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে চালক আবু সাঈদ সুমন (৩৩) নিহত হয়েছেন। বুধবার দুপুরে ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কের আবুল মামার দরবার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের চর খোয়াজ গ্রামের হামিদ আলী মিয়াজী বাড়ির আলী আফসারের ছেলে। তিনি তার পরিবার নিয়ে নিজ গ্রামের বাড়িতেই বসবাস করতেন। সুমন তার পাঁচ ভাই-বোনের মধ্যে সবার বড়। তার ৫ মাস বয়সের এক পুত্র সন্তান রয়েছে।
সুমনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা আরেক সিএনজিচালক জানান, সোনাগাজী থেকে আসার পথে দেখেন একজন যাত্রীসহ সিএনজি অটোরিকশা উল্টে সড়কে পড়ে আছে। তবে যাত্রী সামান্য আহত হলেও চালক সুমন গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।
সুমনের মামা কফিল উদ্দিন জানান, সুমন সিএনজিতে গ্যাস নেয়ার জন্য ভোর ৬টার দিকে বাড়ি থেকে বের হন। লালপোলের দিকে আসার পথে ঘুমচোখে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাকসুদ আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।