বরগুনায় হঠাৎ বৃষ্টিতে জনমনে স্বস্তি
টানা কয়েক সপ্তাহ ধরে তীব্র গরমের পর বরগুনায় হঠাৎ স্বস্তির বৃষ্টি নেমেছে। সোমবার বিকেল ৫টার পর থেকে বরগুনার বিভিন্ন জায়গায় স্বস্তির বৃষ্টির সঙ্গে বইছে দমকা হাওয়া। হঠাৎ বৃষ্টিতে জনজীবনে স্বস্তি ফিরতে শুরু করেছে।
বিকেল ৪টা থেকে আকাশে গুমট ভাব। কালো মেঘে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে বরগুনার বিভিন্ন জায়গা। আধাঘণ্টা পরই বিভিন্ন জায়গায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়।
পথচারী সিফাত রিমা বলেন, বাজারে এসেছি বাচ্চা নিয়ে তীব্র গরমে দোকানে বসে থাকাই ছিল দুঃসাধ্য। আজ হঠাৎ বৃষ্টি হওয়ায় কিছুটা শীতল অনুভূত হচ্ছে।
.png)
ব্যবসায়ী রুবেল বলেন, লোডশেডিংয়ে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। সঙ্গে টানা কয়েকদিন ধরে তীব্র দাবদাহের কারণে সবখানে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছিল। বিকেলে আচমকা ঝড়ো হাওয়ার সঙ্গে খানিকটা সময় বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি বোধ করছি।
কৃষকরা জানান, এ বৃষ্টি আমাদের কাছে ঈদের খুশির মতো। বৃষ্টির কারণে ডাল, তেল ও বোরো ফসলের সজীবতা ও উৎপাদন বৃদ্ধি পাবে। এ জন্য বৃষ্টি হওয়ায় একটু স্বস্তি পেলাম।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, এখন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। হাওয়ার বেগ রয়েছে ১৫ থেকে ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। সেই সঙ্গে আকাশ মেঘাচ্ছন্ন, গুঁড়িগুঁড়ি বৃষ্টি, ভারী বৃষ্টি ও দমকা বাতাস অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়।