প্রার্থীর সঙ্গে গোপন বৈঠক, ৫ প্রিসাইডিং কর্মকর্তাসহ ছয়জন কারাগারে
সিরাজগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে করা মামলায় পাঁচ প্রিসাইডিং কর্মকর্তাসহ ছয়জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার সন্ধ্যায় সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ বিল্লাল হোসাইন তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী শওকত আলী সেলিম বলেন, এক চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে প্রিসাইডিং কর্মকর্তাদের গোপন বৈঠকের ঘটনায় গতকাল ছয়জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তারা আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক বৃহস্পতিবার (৯ মে) শুনানির দিন ধার্য করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
.png)
এর আগে, রোববার (৫ মে) রাত ৯টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়িয়া কাদাই পার্কে প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়ে গোপন বৈঠক করেন চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিন। পরে পার্কে দীর্ঘ আড়াই ঘণ্টা অভিযান চালিয়ে প্রিসাইডিং ও চেয়ারম্যান প্রার্থীকে পাওয়া যায়নি। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পার্কের ম্যানেজারসহ তিনজনকে থানা হেফাজতে নেয়া হয়।
জিজ্ঞাসাবাদ ও সিসিটিভির ফুটেজের ভিত্তিতে ঘটনার সত্যতা পায় প্রশাসন। পরে রাতে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২০ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। এ ঘটনায় চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিনকে শোকজ করেছে নির্বাচন কমিশন।