ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সব প্রস্তুতি সম্পন্ন, কক্সবাজারে ৩ উপজেলায় নির্বাচন কাল

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৬, ৭ মে ২০২৪
সব প্রস্তুতি সম্পন্ন, কক্সবাজারে ৩ উপজেলায় নির্বাচন কাল
ছবি: ডেইলি বাংলাদেশ

প্রথম ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া কক্সবাজার জেলার ৩ উপজেলা নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে। রাত পোহালেই (বুধবার, ৮ মে) কক্সবাজার সদর, মহেশখালী ও কুতুবদিয়া এই তিন উপজেলায় ভোটগ্রহণ হবে। এ উপলক্ষে আগামীকাল ঐ তিন উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১১ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন। কক্সবাজার সদরে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী থাকলেও বর্তমান সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে কক্সবাজার সদর উপজেলা দুইজন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে। তারা হলেন- মোটরসাইকেল প্রতীকের বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার ও আনারস প্রতীকের মুজিবুর রহমান।

অন্যদিকে, মহেশখালী উপজেলা চেয়ারম্যান পদে ৫ প্রার্থী থাকলেও সেখানে শরীফ বাদশা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এবং তার ছেলে আব্দুল্লাহ আল নিশান চেয়ারম্যান পদে প্রার্থী থাকলেও তিনিও ভোটের মাঠে নিষ্ক্রিয়। তাই এখানে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৩ জন।

Advertisement

কুতুবদিয়া উপজেলায় ৩ চেয়ারম্যান পদপ্রার্থীর সবাই আছেন ভোটের মাঠে। তবে বর্তমান উপজেলা চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগ সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী অসুস্থ হয়ে পড়লে গেল রোববার সকালে তাকে ঢাকায় নেয়া হয়েছে। তবে দলীয় ও পারিবারিক সূত্র বলছে, তিনি শারীরিকভাবে উপস্থিত থাকতে না পারলেও ভোটের মাঠে আছেন।

এই ৩ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৯ প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদে রশিদ মিয়া একজন প্রার্থী থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। অন্যদিকে মহেশখালী উপজেলায় ৫ জন এবং কুতুবদিয়া উপজেলায় ৩ প্রার্থী নির্বাচনের মাঠে আছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে কক্সবাজার সদরে ২, মহেশখালীতে ৩ ও কুতুবদিয়া উপজেলায় ২ জনসহ মোট ৮ প্রার্থী মাঠে রয়েছেন।

তিন উপজেলায় মোট ভোটার ৫ লাখ ৭৭ হাজার ৪৯৬ জন। যার মধ্যে সদর উপজেলায় ২ লাখ ২২ হাজার ৮৬৮ জন। মহেশখালী উপজেলায় ২ লাখ ৫৭ হাজার ৪৫৮ জন এবং কুতুবদিয়া উপজেলায় ৯৭ হাজার ১৭০ জন ভোটার। মোট ভোট কেন্দ্র ২০৪টি। যার মধ্যে সদরে ৮৬টি, মহেশখালীতে ৮১টি এবং কুতুবদিয়ায় ৩৭টি কেন্দ্র।

কক্সবাজার জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে একটানা ভোটগ্রহণ হবে। এ জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সব কেন্দ্রে পাঠানো হয়েছে ইভিএম মেশিন ও নির্বাচনী সরঞ্জাম। ভোট কেন্দ্রে নিয়োজিত থাকবে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। মাঠে থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি, র‌্যাব ও কোস্ট গার্ডের একাধিক টিম।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!