নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, মঙ্গলবার সন্ধ্যার আগেই ব্যালট পেপার ছাড়া অন্যান্য নির্বাচনি সরঞ্জাম তানোর ও গোদাগাড়ী দুই উপজেলার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে। বুধবার সকালে ব্যালট পেপার পৌঁছেছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে।
তিনি আরো বলেন, প্রথম ধাপের নির্বাচনে গোদাগাড়ী ও তানোর দুই উপজেলার মোট ১৬৮টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। এরমধ্যে ১৫৫টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ প্রত্যেকটি কেন্দ্রে ৪ জন পুলিশ ও ১৬ জন আনসার সদস্য আছেন। নির্বাচনে গোদাগাড়ীতে ৫ প্লাটুন ও তানোরে ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন আছে। এছাড়াও দুই উপজেলায় ১৭ জন ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছেন। পাশাপাশি র্যাব ও পুলিশের টহল টিমও সার্বক্ষণিক নজরদারি রাখছেন।
.png)
নির্বাচন অফিসের তথ্যমতে, প্রথম ধাপে গোদাগাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১০৭টি, ভোট কক্ষ ৭১৫টি এবং মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮১ হাজার ১৬০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪১ হাজার ৮৭০ জন ও নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ২৮৯ জন এবং হিজড়া ভোটার ১ জন।
অন্যদিকে তানোর উপজেলায় চেয়ারম্যান পদে দুজন, ভাইস চেয়ারম্যান পদে দুজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৬১টি, ভোট কক্ষ ৪২৫টি এবং মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ১৭৩ জন। এ উপজেলার মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৮১ হাজার ৯০৭ জন ও নারী ভোটার ৮৪ হাজার ২৬৬ জন।