নির্বাচনকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের গোলাগুলি
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আমিরুল ইসলাম (আনারস) ও মনসুর আহমেদ খান জিন্নাহ (কাপ পিরিচ) দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ।
বুধবার দুপুর ১টার দিকে জেলার গজারিয়া উপজেলার ইসমানিচর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের ৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এছাড়াও হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম (আনারস) প্রতীকের সমর্থকরা কেন্দ্রে ঢুকে ব্যালট পেপারের সিল মারার চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া দিলে বুথের সিল ও কিছু ব্যালট পেপার ছিনিয়ে নেন। এতে করে বন্ধ রাখা হয়েছে কেন্দ্রটি। পরে কেন্দ্রের বাইরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ ও বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
নির্বাচনে দায়িত্বরত পুলিশ ইন্সপেক্টর মাহিদুল ইসলাম বলেন, ইসমানিচর কেন্দ্রের বাইরে আনারস ও কাপ পিরিচ সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে তাৎক্ষণিক পুলিশ উপস্থিত হয়ে ৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ভোটকেন্দ্রে এর কোনো প্রভাব পারেনি বলেও জানান তিনি।
.png)
গজারিয়া থানার ওসি মো. রাজিব খান বলেন, হোসেন্দি কেন্দ্রে এক পক্ষের সমর্থকরা কেন্দ্র দখল করার চেষ্টা চালায় তবে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। তবে হামলাকারীরা ব্যালট পেপারের সিল নিয়ে যাওয়ায় ভোট কেন্দ্রটি বন্ধ রয়েছে।