ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাটি খুঁড়তেই বেরিয়ে এলো বহু বছরের পুরোনো নৌকা

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৫, ১০ মে ২০২৪
মাটি খুঁড়তেই বেরিয়ে এলো বহু বছরের পুরোনো নৌকা
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে মাটি খুঁড়তে গিয়ে কয়েকশ’ বছরের একটি পুরানো নৌকার সন্ধান মিলেছে। নৌকাটি চার ফুট মাটির নিচ থেকে খনন করে পাওয়া গেছে। বিশাল আকৃতির এই নৌকা দেখতে উপজেলার এস বি কে ইউনিয়নের বজরাপুর গ্রামে প্রতিদিনই উৎসুক জনতা ভিড় করছেন।

বুধবার (৮ মে) মাটির চার ফুট নিচে খনন কাজ চালানোর সময় নৌকাটি সবার নজরে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বজরাপুর গ্রামের নজের আলীর ছেলে মনছের আলী তিনদিন আগে বজরাপুর বাঁওড় থেকে ধানক্ষেতে পানি দেওয়ার জন্য সেচ খাল খনন করছিলেন। খাল খুঁড়তে খুঁড়তে তার কোদালের মাথায় নৌকার কিছু অংশ ওঠে আসে। এ খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী নৌকার সন্ধানে খনন করতে থাকে। তিনদিন ধরে খননের পর বধুবার পুরো নৌকার আকৃতি খুঁজে পাওয়া যায়।

Advertisement

স্থানীয় সাবেক ইউপি সদস্য পূর্ণিমা রানী বলেন, নৌকার প্রতিশব্দ হচ্ছে ‘বজরা’। এ গ্রামের নামও বজরাপুর। একটা সময় এখানে মানুষের চলাচলের একমাত্র সম্বল ছিল নৌকা। সেই নাম অনুসারে গ্রামটির নামকরণ করা হয়েছে ‘বজরাপুর’।

খননকাজে যুক্ত বজরাপুর গ্রামের ইসমাইল মল্লিক জানান, নৌকাটি লম্বায় প্রায় একশ’ ফুট লম্বা ও চওড়া ২০ ফুট হবে। সম্ভবত নৌকাটি শাল কাঠ দিয়ে তৈরি করা।

তথ্য নিয়ে জানা গেছে, বজরা অধিক ওজন বহনকারী বড় ধরনের একটি নৌকা হিসেবে পরিচিত। খ্রিষ্টীয় ঊনবিংশ শতাব্দীতে ব্যবহার করা এ নৌকার দুই-তৃতীয়াংশ জায়গাজুড়ে থাকত ঘুমানো বা বিশ্রামের কক্ষ। ঘরবাড়ির মতো এসব কক্ষে থাকত জানালা। সাধারণভাবে যাত্রীর ধারণক্ষমতা ১০ থেকে ১২ জন। ভেতরে চারজন মাঝির সঙ্গে রান্না ও অন্যান্য কাজের জন্য দুজন সহযোগী থাকতেন।

বিষয়টি নিয়ে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাস জানান, পুরোনো নৌকা পাওয়ার বিষয়টি তিনি প্রত্নতত্ত্ব অধিদফতরকে জানানো হবে। যেন কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করে।

প্রত্নতত্ত্ব অধিদফতর খুলনা বিভাগের সহকারী পরিচালক গোলাম ফেরদৌস জানান, এ ধরনের নিদর্শন প্রত্নতত্ত্ব অধিদফতরের সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। তিনি এ বিষয় ব্যবস্থা নেবেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!