জানা যায়, গত ১৯ এপ্রিল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া অংশে কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী মারসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও চকরিয়ার দিকে যাওয়া একটি যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা দুই যাত্রী ঘটনাস্থলে নিহত ও ৪ জন গুরুতর আহত হন। নিহতের মধ্যে একজন চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের ইউনুচ মার্কেট এলাকার আবু তৈয়বের ছেলে আবু বক্কর তাসিব (১৮)।
আবু বক্কর তাসিব বাংলাদেশ ব্যাংক কলোনী হাই স্কুলের ব্যবসায় শিক্ষা শাখায় পড়াশোনা করতো। চলতি বছর সে এসএসসি পরীক্ষা দিয়েছিল। তবে ফল প্রকাশের আগেই গত ১৯ এপ্রিল সড়ক দুর্ঘটনায় নিহত হয়।
.png)
রোববার (১২ মে) এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পর দেখা যায়, আবু বক্কর জিপিএ-৫ পেয়েছে। প্রতিটি বিষয়েই এ প্লাস পেয়েছে সে। এ সংবাদ শোনার পর তার বাড়িতে আনন্দের বদলে যেন আরো বিষাদ নেমে আসে।