সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্টে ভৈরবের দুই যুবকের মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরবের দুই যুবক সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। রোববার দুপুরে সৌদি আরবের রিয়াদ শহরের একটি বিল্ডিংয়ে এসি মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন একই সঙ্গে মারা যায়। এ তথ্য নিশ্চিত করেছেন ওই ইউপির সাবেক চেয়ারম্যান মো. সেলিম আহমেদ। এ ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত দুই যুবক কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউপির জগমোহনপুরের বাসিন্দা। একজন জগমোহনপুর হাজী বাড়ির সাত্তার মিয়ার ছেলে সাফিকুল মিয়া ও অপরজন একই এলাকার বাওয়াল বাড়ির আওয়াল মিয়ার ছেলে মোজাহিদ।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত সাফিকুল মিয়া সাত বছর আগে কাতার প্রবাসী ছিলেন। বছর দুয়েক আগে তিনি দেশে আসেন। দু’সপ্তাহ আগে সাফিকুল সৌদি আরবের রাজধানী রিয়াদে পাড়ি জমান। তিনি স্ত্রী ও দুটি শিশু সন্তান রেখে গেছেন।
.png)
এদিকে নিহত মোজাহিদ আড়াই বছর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদ যান। একই এলাকার হওয়ায় মোজাহিদ ও সাফিকুল রিয়াদ শহরের ইশারা ডাইরেক্টর এলাকায় একই সঙ্গে থাকতেন। কাজও একই সঙ্গে মিলে মিশে করতেন। রোববার দুপুরে রিয়াদ শহরে একটি বিল্ডিংয়ে এসি মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন একই সঙ্গে মারা যায়।
নিহত সাফিকুলের মামাতো ভাই রুবেল আহমেদ বলেন, আমার বন্ধু তার শিশু সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে বিদেশে পাড়ি জমিয়েছিলেন। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল আমার ভাই ও বন্ধু সাফিকুল। এখন পরিবারটির কী হবে।
আগানগর ইউপির সাবেক চেয়ারম্যান মো. সেলিম আহমেদ বলেন, একই গ্রামের দুইটি টগবগে যুবকের মৃত্যুর ঘটনায় পুরো ভৈরবে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের কথা চিন্তা করে আমাদের গ্রামের সন্তানরা বিদেশে পাড়ি জমায়। একটি দুর্ঘটনায় দুইটি পরিবার আজ সন্তান হারা। দুইটি পরিবারেরই উপার্জনকারী ছিল তারা। আল্লাহ পরিবার দুটির শোক সইবার তৌফিক দান করুক।
তিনি আরো বলেন, লাশ দুটি যেন ঠিক ভাবে দেশে আনতে পারে সেজন্য নিহতের পরিবারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে।