চট্টগ্রামের দুই থানার ওসি প্রত্যাহার
উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামের দুই থানার অফিসার ইনচার্জকে (ওসি) প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। থানা দুটি হলো- চন্দনাইশ ও আনোয়ারা।
সোমবার (২৭ মে) নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (চলতি দায়িত্ব) মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এবং আনোয়ারা থানার অফিসার ইনচার্জকে সংশ্লিষ্ট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করে সংশ্লিষ্ট থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত)কে ৩১ মে পর্যন্ত দায়িত্ব দেওয়ার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।
.png)
চন্দনাইশে ওবায়দু্ল ইসলাম ও আনোয়ারায় সোহেল আহমেদ ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
একই নোটিশে কুমিল্লার দেবীদ্বার থানা, চাঁদপুরের ফরিদগঞ্জ থানা এবং পটুয়াখালী জেলার দুমকী থানার অফিসার ইনচার্জকে উক্ত উপজেলা পরিষদের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করে সংশ্লিষ্ট থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত)-কে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুছ আলী বলেন, এখনো অফিসিয়ালি কোনো চিঠি আমরা পাইনি। চিঠি পেলে বিস্তারিত জানাতে পারবো।