ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার নিজ নিজ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ব্যালট বাদে নির্বাচনী অন্যান্য সামগ্রী পাঠানো হয়েছে কেন্দ্রে। ব্যালট পাঠানো হবে ভোটের দিন সকালে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দুই উপজেলায় ম্যাজিস্ট্রেটের পাশাপাশি পুলিশ, আনসার, র্যাব ও বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছেন।
.png)
দুই উপজেলায় মোট ভোটার ছয় লাখ তিন হাজার ৪৯৬ জন। এর মধ্যে বাঁশখালীতে রয়েছেন তিন লাখ ৭৬ হাজার ৯০৬ জন। এতে পুরুষ ভোটারের সংখ্যা দুই লাখ দুই হাজার ৩২১ জন, নারী এক লাখ ৭৪ হাজার ৫৮১ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।
লোহাগাড়ায় মোট ভোটার দুই লাখ ২৬ হাজার ৫৯০ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ২১ হাজার ৫০০ জন ও নারী এক লাখ পাঁচ হাজার ৯০ জন।
দুই উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৮৬টি। এর মধ্যে বাঁশখালীতে ১১৫টি ও লোহাগাড়ায় ৭১টি। বাঁশখালীতে ৮৫৬টি ও লোহাগাড়ায় ৫৮১টি নিয়ে দুই উপজেলায় মোট বুথ সংখ্যা এক হাজার ৪৩৭টি।
বাঁশখালীতে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে সাতজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
লোহাগাড়ায় চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে ২২ জন ম্যাজিস্ট্রেটের পাশাপাশি ছয় প্লাটুন বিজিবি, পুলিশ, আনসার ব্যাটালিয়ানসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রগুলোতে সার্বিক নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
এর আগে, গত ৮ মে উপজেলা নির্বাচনের প্রথম ধাপে চট্টগ্রামের তিন উপজেলা মীরসরাই, সীতাকুণ্ড ও সন্দ্বীপে নির্বাচন অনুষ্ঠিত হয়। ২১ মে দ্বিতীয় ধাপে তিন উপজেলা হাটহাজারী, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ঐ ধাপে রাউজান উপজেলায়ও নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে সবকটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় আর নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সবশেষ ২৯ মে তৃতীয় ধাপে চার উপজেলা বোয়ালখালী, পটিয়া, আনোয়ারা ও চন্দনাইশে নির্বাচন অনুষ্ঠিত হয়।