ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা, অন্তঃসত্ত্বাকে ধর্ষণচেষ্টার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৭, ৫ জুন ২০২৪
যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা, অন্তঃসত্ত্বাকে ধর্ষণচেষ্টার অভিযোগ
নিহত তানভীর আহমেদ ভূঁইয়া। ছবি: সংগৃহীত

কুমিল্লার চান্দিনায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত তানভীর আহমেদ ভূঁইয়া বাড়েরা ইউপির গনিপুর গ্রামের বাবুল ভূঁইয়ার ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ছিলেন।  

জানা গেছে, মঙ্গলবার রাতে চান্দিনা উপজেলার বাড়েরা ইউপির গড়ামারা গ্রামের আক্কাস আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। বুধবার সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী সেলিম মিয়াকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের খবর পেয়ে বুধবার সকালে গড়ামারা গ্রামে গিয়ে নিহত তানভীরের লাশ উদ্ধার করা হয়। তানভীরের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।

Advertisement

রাবেয়া নামে ওই অন্তঃসত্ত্বা গৃহবধূ জানান, রাত ২টার দিকে তানভীর তার ঘরে ঢুকে জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তার স্বামীর সঙ্গে তানভীরের ধস্তাধস্তি ও মারধরের ঘটনা ঘটে। একপর্যায়ে তার মৃত্যু হয়।

নিহত তানভীরের মা নিলুফা বেগম বলেন, ‘আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এই হত্যার বিচার চাই।’

বাড়েরা ইউপি চেয়ারম্যান আহসান হাবিব ভূঁইয়া বলেন, ‘আমিও ঘটনাস্থলে গিয়েছি। হত্যাকাণ্ডটি সন্দেহজনক। ঘটনাস্থলটি ঘনবসতিপূর্ণ। ওই বাড়িতে কোনো উঠান নেই। বাড়ির বা পাশের মানুষজন ঘটনাটি জানবে না, সেটা হতে পারে না। স্থানীয় কেউ ঘটনার ব্যাপারে মুখ খুলছে না।’

চান্দিনা থানার এসআই সুজন দত্ত বলেন, নিহত তানভীরের শরীরে আঘাত ও পায়ে কাটা চিহ্ন আছে। তবে হত্যার কারণ জানতে পারিনি। এ বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য উদঘাটন করতে পারিনি। জিজ্ঞাসাবাদের জন্য সেলিমকে থানায় আনা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!