স্কুলছাত্র জিসান ফটিকছড়ি উপজেলার মোহাম্মদ আবদুল মালেকের ছেলে। রাউজান সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণিতে পড়ে সে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বেরিয়ে রাউজান সরকারি কলেজ গেটের সামনে থেকে একটি অটোরিকশায় ওঠে জিসান। অটোরিকশাটিতে চালকসহ তিনজন ছিলেন। অটোরিকশাটি স্কুলের দিকে না নিয়ে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের বেরুলিয়া হয়ে হলদিয়া যাওয়া সড়কে কেন নিয়ে যাওয়া হচ্ছে- প্রশ্ন করলে জিসানের মুখ চেপে ধরেন পেছনে বসা দুজন।
.png)
এ সময় ধস্তাধস্তিতে জিসানের গায়ে থাকা স্কুল পোশাক ছিঁড়ে যায়। একপর্যায়ে চেতনানাশক স্প্রে দিয়ে জিসানকে অচেতন করে অটোরিকশাটি হলদিয়া ইউনিয়নের হলদিয়া ভিলেজ রোড হয়ে হলদিয়ায় নিয়ে যাওয়া হয়। হঠাৎ জ্ঞান ফিরলে জিসান দেখতে পায়- বাঁধা তার দুই হাত, অটোরিকশাটিও দুই দিকে পর্দা দিয়ে ঢাকা।
সড়কের একপাশে দাঁড় করিয়ে রাখা হয়েছিল অটোরিকশাটি। সুযোগ বুঝে কামড় দিয়ে হাতের বাঁধন খুলে অটোরিকশা থেকে নেমে কৌশলে পালিয়ে যায় জিসান। পরে রাউজান জলিলনগর বাস স্টেশনে গিয়ে আত্মীয়ের কাছে ঘটনার বিষয়টি জানায়।
রাউজান থানার ওসি জাহিদ হোসেন বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।