ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৭৫ বছরের বৃদ্ধাকে গলাকেটে হত্যা, সন্দেহের তীর ছেলের দিকে

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২১, ৭ জুন ২০২৪
৭৫ বছরের বৃদ্ধাকে গলাকেটে হত্যা, সন্দেহের তীর ছেলের দিকে
ছবি: ডেইলি বাংলাদেশ

দিনাজপুরের বীরগঞ্জে নিজ বাড়িতে রেজিয়া খাতুন নামে ৭৫ বছরের এক বৃদ্ধাকে গলাকেটে হত্যা করেছেন দুর্বৃত্তরা। এ সময় তারা দলিলপত্র এবং নগদ টাকা লুট করে নিয়ে যান। তবে স্থানীয়দের ধারণা, পরিবারের অভ্যন্তরীণ কোন্দলে এ হত্যাকাণ্ড ঘটেছে।

শুক্রবার (৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বীরগঞ্জ থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এর আগে, বৃহস্পতিবার (৬ জুন) দিবাগত রাতে উপজেলার শিবরামপুর ইউনিয়নের পশ্চিম ধনগাঁও গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত বৃদ্ধা রেজিয়া খাতুন (৭৫) পূর্ব ধনগাঁও গ্রামের সবদুল ইসলামের স্ত্রী।

পুলিশ জানায়, রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা রাজিয়া খাতুনকে গলাকেটে হত্যা করে। সকালে পরিবারের লোকজন মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, ঐ বৃদ্ধার পরিবারে অভ্যন্তরীণ কোন্দল ছিলো। বড় ছেলে রুহুল ও তার ছেলে সাদ্দাম প্রায়ই জমা-জমি নিয়ে বৃদ্ধ ও বৃদ্ধার সঙ্গে বিরোধে লিপ্ত থাকতেন। ঐ বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে স্থানীয়দের ধারণা। অনেকে জানান, হত্যার পর তাদের ঘরে রক্ষিত মূল্যবান দলিলপত্র এবং দেড় লাখ টাকা লুট করেছেন হত্যাকারীরা।

নিহতের বড় ছেলে রুহুল মিয়া বলেন, আমি বীরগঞ্জে অবস্থান করি। সকালে খবর পেয়ে বাড়িতে এসেছি। আমি নিজেও বুঝতে পারছি না কারা আমার মাকে এমন নির্মমভাবে হত্যা করল।

এ বিষয়ে বীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. মইনুল ইসলাম বলেন, হত্যার খবর পেয়ে আমিসহ জেলা পিবিআই ও সিআইডি ক্রাইম সিন ঘটনাস্থলে যাই এবং পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। আমাদের তদন্ত এবং অভিযান অব্যাহত আছে। আশা করি, শিগগিরই হত্যার রহস্য উদঘাটন হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!