ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাংলাদেশ সীমান্তে ঢুকে বিএসএফ’র গুলি, আহত ৩

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫১, ৭ জুন ২০২৪
বাংলাদেশ সীমান্তে ঢুকে বিএসএফ’র গুলি, আহত ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

লালমনিরহাটের হাতীবান্ধায় বাংলাদেশ সীমান্তে ঢুকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলতাব হোসেন (৫৫) নামে এক কৃষকসহ তিন বাংলাদেশি গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি’র সিংগীমারী বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সফিজুল ইসলাম।

শুক্রবার (৭ জুন) বিকেলের দিকে উপজেলার সিংগীমারী সীমান্তের ৮৯৩ নম্বর মেইন পিলারের ৮-৯ সাব-পিলারের মাঝামাঝি বাংলাদেশের অভ্যান্তরে এ ঘটনা ঘটে।

Advertisement

আহত আলতাব হোসেন ঐ এলাকার বাচ্চা শেখের ছেলে বলে জানা গেছে। আহত অপর দু’জনের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

সীমান্তবাসী জানান, উপজেলার সিঙ্গিমারী সীমান্তে ৮৯৩ নম্বর মেইন পিলারের ৮-৯ সাব-পিলারের মাঝামাঝি বাংলাদেশের অভ্যান্তরে মাঠে কাজ করছিলেন কৃষক আলতাব হোসেন। এ সময় ভারতীয় নগর সিঙ্গিমারী ক্যাম্পের বিএসএফ’র সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে বুকে গুলিবিদ্ধ হয়ে কৃষক আলতাব হোসেন আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কালেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ঘটনাস্থলে বিজিবি উপস্থিত হয়।

তবে, এ নিয়ে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৬১-এর তিস্তা ২ ব্যাটালিয়নের অধিনায়কের ফোনে একাধিকবার যোগাযোগ করলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

ঘটনাস্থলে উপস্থিত সিঙ্গিমারী ইউপি সদস্য সামছুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত আলতাব হোসেন বুকে গুলিবিদ্ধ হয়েছেন। খুব কাছ থেকে বিএসএফ গুলি করেছে। বিজিবি এ নিয়ে বিএসএফ’র সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন।

বিজিবি’র সিংগীমারী বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সফিজুল ইসলাম বলেন, বিএসএফ’র সঙ্গে পতাকা বৈঠক চলছে। খবর এসেছে অন্তত তিনজন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

হাতীবান্ধা থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আমিও শুনেছি। বাইরে আছি, ঘটনাস্থলে গেলে বিস্তারিত বলতে পারবো।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!