ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মামির জানাজা শেষে খুন হলেন শীর্ষ সন্ত্রাসী মনু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৫, ৭ জুন ২০২৪
মামির জানাজা শেষে খুন হলেন শীর্ষ সন্ত্রাসী মনু
ফাইল ফটো

নারায়ণগঞ্জ বন্দর উপজেলা এলাকায় মনিরুজ্জামান মনু (৪২) নামে এক সন্ত্রাসীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষ সন্ত্রাসীরা।

শুক্রবার বেলা ১১টার দিকে মদনপুর মুরাদপুরে নিজ বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার সন্ত্রাসী মিঠু, টিটু ও মনিরের নেতৃত্বে ১০-১২ জন মিলে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে জানান নিহত মনুর স্ত্রী সাবিনা। মনু নাসিক ২৭ নম্বর ওয়ার্ড মুরাদপুর এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী, নিহত মনুর ছেলে মিনহাজ ও ভাগ্নি মুনমুন জানান, সোনারগাঁও কুতুবপুর মামির জানাজা শেষে শুক্রবার বেলা ১১টার দিকে মনিরুজ্জামান মনু মদনপুর মুরাদপুর নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় একই এলাকার নুরা মিয়ার তিন ছেলে মিঠু, টিটু ও মনিরের নেতৃত্বে ১০-১২ জনের একটি সন্ত্রাসী বাহিনী মনুকে ঘর থেকে বাইরে নিয়ে মাথায় গুলি ও কুপিয়ে গুরুতর আহত করেন। পরে পরিবারের লোকজন তাকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করলে দুপুরে তিনি মারা যান।

Advertisement

এলাকাবাসী জানান, নিহত মনু মদনপুর মুরাদপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী। তার পরিবারের মধ্যে আবুল পুলিশের ক্রসফায়ারে নিহত হন। এলাকার আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত মনুর ভাই নুরুজ্জামান নুরা ও বাবুল আক্তার, বড় বোন নিলুফা অপর সন্ত্রাসী গ্রুপের হাতে খুন হয়েছেন। তারপর থেকে মনু কাপাসিয়ায় বিয়ে করে শ্বশুর বাড়িতে বসবাস করতেন। বৃহস্পতিবার মনু সোনারগাঁও উপজেলার কাঁচপুরের কুতুবপুর এলাকায় তার মামি মারা যাওয়ার খবর পেয়ে ঐ বাড়িতে যান। শুক্রবার সকালে মনু নিজ বাড়িতে পৌঁছালে প্রতিপক্ষ সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেন।

বন্দর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, পূর্ব শত্রুতার জের ধরে মনিরুজ্জামান মনুকে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় প্রতিপক্ষ একটি সন্ত্রাসী গ্রুপ। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!