ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রোহিঙ্গা ক্যাম্পে সব হত্যাকাণ্ডে জড়িত এ আরসা সন্ত্রাসী

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৭, ২৩ মে ২০২৪
রোহিঙ্গা ক্যাম্পে সব হত্যাকাণ্ডে জড়িত এ আরসা সন্ত্রাসী
গ্রেফতারকৃত আব্দুল্লাহ। ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশি-বিদেশি অস্ত্র, গোলাবারুদসহ আরসার শীর্ষ সন্ত্রাসী আব্দুল্লাহকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বৃহস্পতিবার (২৩ মে) ভোরে উখিয়া ২০ নম্বর ক্যাম্প এলাকা তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল্লাহ উখিয়ার ৩ নম্বর ক্যাম্পের মোদাচ্ছেরের ছেলে।

১৪ আর্মড পুলিশ এপিবিএনের সহ-অধিনায়ক মো. আরেফিন জুয়েল বলেন, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আরসার শীর্ষ সন্ত্রাসী আব্দুল্লাহ ২০ নম্বর ক্যাম্পে অবস্থান করছে। এমন তথ্যে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এপিবিএন। এ সময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও আর তার বিছানার পাশে ঝোলানো ব্যাগে আরেকটি বিদেশি পিস্তল পাওয়া যায়।

Advertisement

জিজ্ঞাসাবাদে আব্দুল্লাহ তার কাছে আরো অস্ত্র ও গুলি থাকার তথ্য দেয়। তার দেওয়া তথ্য অনুযায়ী, লাল পাহাড়ে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি বড় ওয়ান শুটার গান, দুটি মাঝারি সাইজের ওয়ান শুটার গান, ২০ রাউন্ড রাইফেলের গুলি, একটি শটগানের কার্তুজ, ২০টি রাইফেলের গুলির খোসা ও পিস্তলের গুলির তিনটি খোসা উদ্ধার করা হয়, যোগ করেন এ আরেফিন জুয়েল।

এ কর্মকর্তা আরো বলেন, আরসার শীর্ষ সন্ত্রাসী আব্দুল্লাহর বিরুদ্ধে আটটি হত্যা মামলা রয়েছে। পাশাপাশি আরো দুটি মামলা রয়েছে। একইসঙ্গে সম্প্রতি ক্যাম্পে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সবগুলোতে আব্দুল্লাহ সরাসরি উপস্থিত ছিল এবং নিজের হাতে অস্ত্র দিয়ে গুলিও চালিয়েছে। যা আব্দুল্লাহ স্বীকার করেছে। পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে তাকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!